Tanishaa Mukerji Review Of Ramayana: ‘Sai Pallavi Is Miscast’.
মুক্তির আগে থেকেই নীতেশ তিওয়ারির পরিচালনায় (Ramayana) ‘রামায়ণ: পার্ট ১’ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। ছবির মুখ্য চরিত্রে কারা অভিনয় করছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল চর্চা। বিশেষ করে রাম, সীতা ও রাবণের ভূমিকায় রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের নির্বাচন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল নানা মত। রামের চরিত্রে রণবীরকে মানাবে কি না, তা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে ছবি দেখার পর অভিনেতার অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকেই। এবার ছবিটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী কাজলের বোন তনিশা মুখোপাধ্যায়। রণবীর কাপুর ও যশের অভিনয়ের প্রশংসা করলেও সীতার চরিত্রে সাই পল্লবীকে মেনে নিতে পারলেন না তিনি।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ‘রামায়ণ’ (Ramayana) নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তনিশা (Tanishaa Mukerji)। অভিনেত্রী জানান, কিছুটা দেরিতে হলেও অবশেষে ছবিটি দেখেছেন তিনি। তাঁর কথায়, ছবির মূল আকর্ষণ রামের চরিত্র এবং সেই ভূমিকায় রণবীর কাপুরের অভিনয় তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।
তনিশার (Tanishaa Mukerji) স্বীকারোক্তি, ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের অভিনয় ভালো লাগলেও তাঁকে ভগবান রামের চরিত্রে কেমন দেখাবে, তা নিয়ে মনে সংশয় ছিল। কিন্তু ছবি দেখার পর সেই ধারণা বদলে গিয়েছে। রামের চরিত্রে রণবীরকে তাঁর একেবারে যথাযথ বলেই মনে হয়েছে। অভিনেতার অভিনয় ও পর্দায় উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে তনিশার।
সীতার চরিত্রে সাই পল্লবীকে নিয়ে কী বললেন তনিশা?
রণবীরের অভিনয়ে মুগ্ধ হলেও সাই পল্লবীর (Sai Pallavi) ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন মত অভিনেত্রীর। তনিশার মতে, সাই নিঃসন্দেহে একজন দক্ষ অভিনেত্রী। কিন্তু সীতার চরিত্রে তাঁকে ঠিক মানানসই মনে হয়নি। এই চরিত্রে সাইকে দেখে ছবির সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেননি তিনি। অর্থাৎ অভিনেত্রীর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন না তুললেও সীতার ভূমিকায় তাঁর (Sai Pallavi) নির্বাচন নিয়ে আপত্তি রয়েছে তনিশার।
তবে সাইকে নিয়ে অসন্তোষ থাকলেও ছবির বাকি অংশ বেশ ভালো লেগেছে তাঁর। বিশেষ করে রাবণের চরিত্রে যশের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। তাঁর মতে, প্রত্যাশার থেকেও ভালো অভিনয় করেছেন যশ। রণবীর ও যশ দু’জনেই নিজেদের চরিত্রকে যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। এমনকী রাবণকে রামের যোগ্য প্রতিপক্ষ হিসেবেও মনে হয়েছে তাঁর। সব মিলিয়ে ছবিটি দর্শকদের অবশ্যই দেখা উচিত বলে মত তনিশার।
প্রসঙ্গত, সীতার চরিত্রে সাই পল্লবীর নির্বাচন নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ছবিটি ঘিরে প্রাথমিক ঘোষণা হওয়ার পর থেকেই এই চরিত্রে অভিনেত্রীর উপযুক্ততা নিয়ে নানা মত উঠে এসেছে। একাংশ তাঁর অভিনয় ও চরিত্রের উপস্থাপনার প্রশংসা করলেও অন্যদের মতে, সীতার ভূমিকায় অন্য কোনও অভিনেত্রীকে বেশি মানাত। ছবিতে সীতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েও দর্শকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে রাক্ষসদের বিরুদ্ধে লড়াইয়ে সীতাকে যোদ্ধার ভূমিকায় দেখানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

Tanishaa Mukerji Review Of Ramayana
এই বিতর্কের আবহেই সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা ধানুশ। সাইয়ের সঙ্গে তাঁর নতুন ছবি ‘ওম’-এর প্রচারের সময় অভিনেত্রীর হয়ে সরব হন তিনি। সীতার চরিত্রে সাইয়ের অভিনয় নিয়ে এত বিতর্ক কেন তৈরি হচ্ছে, তা বুঝতে পারছেন না বলেই জানান ধানুশ। তাঁর কথায়, শুটিংয়ের বিরতিতেও সাইকে নিয়মিত প্রার্থনা করতে দেখেছেন তিনি। ঈশ্বরের প্রতি অভিনেত্রীর গভীর বিশ্বাস এবং তাঁর নির্মল মানসিকতার কথাও তুলে ধরেন অভিনেতা। ধানুশের মতে, সাই পল্লবীর থেকে ভালোভাবে সীতার চরিত্র আর কেউ ফুটিয়ে তুলতে পারতেন না।
ফলে একদিকে তনিশার আপত্তি, অন্যদিকে ধানুশের অকুণ্ঠ সমর্থন—‘রামায়ণ’-এ সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় নিয়ে চর্চা যে এখনও থামার নয়, তা বলাই বাহুল্য।
Read More: Entertainment
Follow Us on: YouTube