UPSC Civil Services Success Story। মাধ্যমিকে ৬০%, UPSC-তে ৩ বার ‘ফেল’! তারপর দেশে তৃতীয় হয়ে IAS অফিসার হলেন জুনেদ

Spread the love

UPSC Civil Services Success Story: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মেরেকেটে ৬০ শতাংশ নম্বর পেয়েছিলেন। বিটেকেও সেরকম বিশেষ দাগ কাটার মতো পারফরম্যান্স ছিল না। ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার শুরুটাও মনের মতো হয়নি। কিন্তু সেই জুনেদ আহমেদ শেষপর্যন্ত বাজিমাত করেছেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় – একবার নয়, দু’বার। প্রথমবার আইআরএস হন। তারপর আইএএস অফিসার হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেরেকেটে ৬০% নম্বর পান

উত্তরপ্রদেশের ছেলে জুনেদের ছোটেবেলায় পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না। অনেকেরই যেমনটা হয়, সেরকম ছিলেন জুনেদ। সেন্ট মেরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভরতি হন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেরেকেটে ৬০ শতাংশের মতো নম্বর পান। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেন। রেজাল্ট একেবারেই আহামরি হয়নি। সোজা কথায়, শিক্ষা জীবনের প্রথম দিকে একেবারেই ‘টপারদের’ তালিকার মধ্যেই বিবেচিত হতেন না জুনেদ।

তারইমধ্যে জুনেদের স্বপ্ন তৈরি হয় ইউপিএসসি সিভিল সার্ভিসেসকে ঘিরে। কলজে পড়ার সময় থেকেই সেই স্বপ্ন দেখা শুরু করেন। তারপর শুরু করেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি। দিল্লির জামিয়া রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমিতে ভরতি হন। সেখানেই প্রস্তুতি চালাতে থাকেন। আর দেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা।

চতুর্থ অ্যাটেম্পটে IRS অফিসার হন, তারপরও UPSC প্রস্তুতি

তবে সাফল্যের রাস্তাটা সহজ ছিল না। ইউপিএসসি পরীক্ষার প্রথম তিনটি অ্যাটেম্পটেই ধাক্কা খান। তবে হাল ছাড়েননি। চতুর্থবারে এসে ভাগ্যের চাকা ঘোরে। দেশে ৩৫২ তম স্থান অধিকার করেন। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে (IRS) নির্বাচিত হন। কিন্তু জুনেদের লক্ষ্য ছিল আইএএস অফিসার হওয়ার।

পঞ্চম অ্যাটেম্পটে ভারতে তৃতীয়, হলেন IAS অফিসার

সেই পরিস্থিতিতে তাই আইআরএস ট্রেনিং চলাকালীনই পুনরায় ইউপিএসসি দেওয়ার সিদ্ধান্ত নেন। চাকরির ট্রেনিংয়ের পাশাপাশি প্রতিদিন মাত্র চার ঘণ্টা পড়াশোনা করার সুযোগ পেতেন। অবশেষে ২০১৮ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় পঞ্চম অ্যাটেম্পটে সারা দেশে তিন নম্বর স্থান অর্জন করেন জুনেদ। আর আইএএস অফিসার হওয়ার স্বপ্নপূরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *