Weather Update। বৈশাখের শুরুতেই আবহাওয়ার বড় গেম! দেশে বৃষ্টি হবে কম

Spread the love

গরমে পুড়ছে বাংলা। মাঝে কয়েকদিন বৃষ্টির জেরে আবহাওয়া মনোরমই থেকেছে। কিন্তু বর্তমানে চৈত্রের প্রখর তাপে রীতিমতো জ্বলছে দক্ষিণবঙ্গ। কিছু কিছু জেলায় তো আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মৌসম ভবন বলছে আপাতত এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় নেই। বৈশাখ মাস পড়তেই চড়চড়িয়ে বাড়বে পারদ। শুধু তাই নয়, এবার বর্ষায় বৃষ্টিও কম হবে বলে জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও কয়েকটি রাজ্যের জন্য একই পূর্বাভাস মৌসম ভবনের। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাই মূলত বর্ষাকাল ধরা হয়। দেশে দীর্ঘকালীন গড় (১৯৭১ থেকে ২০২০ সালের হিসেব) বৃষ্টিপাতের পরিমাণ ৮৭ সেন্টিমিটার। কিন্তু মৌসম ভবন জানিয়েছে, এবার বর্ষায় দেশে কম বৃষ্টি হবে। এর প্রধান কারণ এল নিনো। জুনে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দেশে। যার জেরে দেশে ৮ শতাংশ কম বৃষ্টি হতে পারে। প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিক ভাবে গরম হয়ে ওঠার কারণে বাতাসের দিক বা গতি বদলে যায়। তার প্রভাব পড়ে মেঘ তৈরির ধরনে। ফলে বৃষ্টি কম হয়। তবে সুখবরও রয়েছে। কয়েকটি রাজ্যে আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু, গোটা দেশের হিসেবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে।

মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গের জন্যও একই পূর্বাভাস রয়েছে। এবার বাংলায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। গরমও বেশি পড়বে বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বৈশাখের শুরুতেই গরমের দাপট বাড়বে বাংলায়। ৪০ ডিগ্রি পেরোতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। এদিকে, কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রির ঘরে। এদিকে, চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান-সহ বেশ কিছু জায়গায়। বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। তবে, কলকাতায় এখনই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামিকাল পয়লা বৈশাখ থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টিতেও গরম কমবে না।এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার তাপমাত্রা বাড়বে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ। বাকি সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *