কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোনদের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। রোববার (৩০ নভেম্বর) পরিবারের বিরুদ্ধে ‘পাকিস্তানকে অপমান’ করার অভিযোগও তোলেন তারার।মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তার বোনদের দেখা করা নিয়ে চরম উত্তেজনা চলছে পাকিস্তানে। কয়েকদিন আগে ইমরানের বোনেরা আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান করছিলেন, যেখানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান বন্দি আছেন। তার বোনেরা অভিযোগ করেছেন যে ইমরানের সাথে তাদের দেখা করতে দেয়া হয়নি।
তথ্যমন্ত্রী তারার ইমরানের বোন নওরীন খান নিয়াজির দিকে বিশেষভাবে লক্ষ্য করে প্রশ্ন তোলেন, কেন তিনি ভারতীয় গণমাধ্যমে নির্যাতনের অভিযোগ করতে গেলেন? সাক্ষাৎকারে ভারতে মুসলমানদের দুর্দশা বা কাশ্মীর বিরোধের কথা উল্লেখ না করেই তিনি শুধু কেন অভিযোগ করলেন?
‘যারা ভারতীয় চ্যানেলে গিয়ে পাকিস্তানের বদনাম করে, তাদের নিজেদের লজ্জিত হওয়া উচিত।’ তারার বলেন। কয়েকদিন আগে নওরীন খান নিয়াজি একটি ভারতীয় চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে কি তিনি মোদির নিন্দা করেছেন?’ প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের ধিক্কার জানাই। ভারতীয় চ্যানেলে গিয়ে কাশ্মীর বিরোধ নিয়ে কোনো কথা না বলে এমন একজনকে নিয়ে কান্নকাটি করেছেন যিনি দুর্নীতির মামলায় জড়িত একজন ব্যক্তি।
মন্ত্রী অভিযোগ করেন যে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো পরিবারটিকে একটি প্ল্যাটফর্ম দিয়েছে কারণ তারা জানে এই পরিবার এবং এই দলের মানসিকতা পাকিস্তানের বিরুদ্ধে।

গত সপ্তাহে, ইমরান খানের তিন বোন – আলিমা খান, ডাঃ উজমা খান এবং নওরীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর অন্যান্য সদস্যদের সাথে কারাগারের বাইরে জড়ো হয়েছিলেন। পিটিআই-এর মতে, সেখানে তারা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, যদিও পুলিশ তাদের নির্যাতন এবং আটক করেছিল।
এদিকে, নওরিনের মিডিয়া উপস্থিতি সম্পর্কে সরাসরি তাকে সম্বোধন করে তারার আরও বলেন, ব্যক্তিগত রাজনীতিতে মনোনিবেশ করার পরিবর্তে সাম্প্রতিক সংঘর্ষে নিহতদের সম্মান জানানো উচিত ছিল তার।