অনুর্ধ্ব ১৯-এও পাকিস্তানকে দুরমুশ করল ভারত

Spread the love

আরও একবার দুবাইয়ের মাটি! আরও এক রবিবার! আরও একবার ক্রিকেটের ২২ গজে পাকিস্তানকে দুরমুশ করে ছাড়ল ভারত। এবার ভারতের অনুর্ধ্ব১৯ টিমের কাছে পরাস্ত পাকিস্তান। আর এদিনও দুবাই দেখল আরও এক ‘নো হ্যান্ডশেক ম্যাচ’! ২০২৫ অনুর্ধ ১৯র এশিয়া কাপের ময়দানে সূর্যবংশীদের টিম এদিন পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে দেয়।

রবিবাসরীয় এই ভারত-পাক ম্যাচে টসে জিতে পাকিস্তান ফিল্ডিং বেছে নেয়। তবে ম্যাচ বৃষ্টির জন্য খানিকটা বিঘ্নিত হয়। ফলে প্রতিটি টিমই ৪৯ ওভার পায়। এরপর সকলের নজর ছিল ব্যাট হাতে সূর্যবংশীর দিকে। তবে ভারতের ইনিসের শুরুতেই ,সূর্যবংশী ৫ রানে আউট হন, টিমের ক্যাপ্টেন আয়ূষ মাত্রে ৩৮ রানে আউট হন।এদিনের ম্যাচে অন্যতম পাওনা হিসাবে উঠে আসেন অ্যারোন জর্জ! তবে অ্যারন জর্জ পাক বোলিং এর সামনে কার্যত দেওয়াল হয়ে ওঠেন! বাউন্ডারি-খচিত তাঁর ইনিংসে আসে ৮৮ বলে ৮৫ রান। যার ওপর ভর করে ভারতের সংগ্রহে আসে ২৪০। প্রথমে মাত্রের সঙ্গে ৪৯ রানের পার্টনারশিপ হয় জর্জের। পরে অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে পঞ্চম উইকেটে ইনিংস এগিয়ে নিয়ে যান জর্জ। মহম্মদ সইয়ম ও আলি রাজাদের পেস অ্যাটাকের মাঝে কার্যত ভারতের হয়ে ঢাল হয়ে দাঁড়ান জর্জ। অনেকেরই প্রশ্ন, আসন্ন দিনে, অ্যারন জর্জই কি হয়ে উঠবেন পরবর্তী সঞ্জু স্যামসন?

অন্যদিকে, ২৪১র টার্গেট তাড়া করতে গিয়ে পাকিস্তানের দুই ওপেনার সমীর মিনহাস, উসমান খান নামেন মাঠে। কর্মাগত পড়তে থাকে পাকিস্তানের উইকেট। এরপর একটা সময় গিয়ে ২১ ওভার শেষে দেখা যায় পাকিস্তানের স্কোর ৬৬ রানে ৪ উইকেট। এরপর থেকে আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি পাক টিম। উইকেট পতন চলতেই থাকে। ২৭ ওভার শেষে ৮৫ রানে ৫ উইকেট হয় পাকিস্তানের স্কোর। ফরহান ইউসুফের উইকেট আসে বৈভব সূর্যবংশীর পকেটে। ক্রমাগত ব্যাকফুটে যেতে থাকে পাকিস্তান। ক্রমাগত নজর কাড়তে থাকেন দেবেন্দ্রনের মতো বোলাররা। শেষে নবম উইকেটে পাকিস্তানের ওপর রানের পাহাড় চাপতে থাকে। শেষে ৯০ রানে পাকিস্তানকে পরাস্ত করে ভারত।

প্রসঙ্গত, এই ম্যাচেও টসের সময় পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারত অধিনায়ক মাত্রেকে। ম্যাচের শেষেও ছবিটা একই ছিল। ফলে আরও এক ‘নো হ্যান্ডশেক’ ভারত বনাম পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকল দুবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *