পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়ে এবার কড়া বিধিনিষেধ। পরিবেশ রক্ষায় পাহাড়জুড়ে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহারও বন্ধ হতে চলেছে। পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের পরিবেশ যে দ্রুত দূষিত হচ্ছে, তা আটকাতেই বন দফতরের এই উদ্যোগ। সোমবার বিকেলে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহের নেতৃত্বে এক বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা। সেখানেই নেওয়া হয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
বন দফতর জানিয়েছে, দীপাবলির পর থেকেই অযোধ্যা পাহাড়ের মূল দু’টি প্রবেশপথ সিরকাবাদ ও মাঠা-তে চালু হবে নাকা চেকিং। কোনও পর্যটক প্লাস্টিকের ক্যারিব্যাগ, একবার ব্যবহারযোগ্য প্যাকেট বা প্লাস্টিকের জলের বোতল নিয়ে উঠতে পারবেন না। এসব সামগ্রী থাকলে তা চেকিং পয়েন্টে জমা রাখতে হবে, ফিরতি পথে তা ফেরত নেওয়ার ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, পাহাড়ে ধূমপান রুখতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হবে। পাহাড়ের বিভিন্ন স্থানে ‘নো স্মোকিং’ ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হবে।
ডিএফও অঞ্জন গুহ স্পষ্ট বলেছেন, পর্যটকদের ভিড় যেমন বাড়ছে, তেমনই বাড়ছে প্লাস্টিকের চাপ। অযোধ্যা পাহাড়কে প্লাস্টিকমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব রাজ্যের কাছে পাঠানো হয়েছে। দ্রুত অনুমোদন মিলবে বলে আশা করা হচ্ছে। বন দফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অযোধ্যা পাহাড়ে প্রায় এক লক্ষ পর্যটক ভিড় করেছিলেন। পর্যটনের সাফল্যে খুশি প্রশাসন, তবে প্লাস্টিক বর্জ্য ফেলে যাওয়ার প্রবণতায় বেড়েছে উদ্বেগ।

এই পরিস্থিতিতেই পাহাড়ের অস্তিত্ব ও সৌন্দর্য রক্ষায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কঠোর নজরদারির। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের হাতে দায়িত্ব থাকবে চেকিং ও নিয়ম কার্যকর করার। কেউ নিয়ম ভঙ্গ করলে, নেওয়া হবে কড়া ব্যবস্থা। ধূমপান, প্লাস্টিক ব্যবহার বা অপরিচ্ছন্নতা ছড়িয়ে দেওয়ার কোনও সুযোগ রাখা হবে না।