চলতি সপ্তাহে আয়কর দফতরের পাঠানো একটি নতুন এসএমএস এবং ইমেল বহু করদাতার মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করেছে। অনেকেই জানিয়েছেন, তাঁরা এমন একটি বার্তা পেয়েছেন যেখানে বলা হয়েছে তাঁদের আইটিআর রিফান্ড দাবি ‘রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস’-এর আওতায় চিহ্নিত হয়েছে এবং ‘কিছু অসামঞ্জস্যের’ কারণে রিটার্ন প্রক্রিয়াকরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। এই এসএমএসে আরও বলা হয়েছে, করদাতাদের ৩১ ডিসেম্বরের আগে সংশোধিত রিটার্ন দাখিল করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি দাবি করা হয়েছে, বিস্তারিত তথ্য-সহ একটি ইমেল আগেই পাঠানো হয়েছে। তবে বহু করদাতা জানিয়েছেন, তাঁরা কোনও ইমেলই পাননি। ফলে হঠাৎ গভীর রাতে আসা এই বার্তা উদ্বেগ আরও বাড়িয়েছে।
আপনিও যদি এরকমই একজন করদাতা হয়ে থাকেন, তাহলে জেনে নিন আসলে এই বার্তার প্রকৃত অর্থ কী এবং আপনাকে পরবর্তী কী পদক্ষেপ করতে হবে?
সংশোধিত আইটিআর কী?
১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯(৫) সেকশন অনুসারে করদাতারা আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে কোনও ভুল করলে তা সংশোধনের সুযোগ পান। এই সেকশন অনুসারে, কোনও ব্যক্তি কর জমার পরে যদি নিজের দাখিল করা বিবৃতির মধ্যে ত্রুটি পান, তাহলে তিনি সেটি সংশোধন করতে পারবেন। পাশাপাশি, সংশোধিত রিটার্ন দফতরের কাছে জমা করতে পারবেন। তবে মনে রাখতে হবে, আপনাকে মূল্যায়ন বর্ষ শেষ হওয়ার তিন মাস আগে এই সংশোধিত রিটার্ন জমা দিতে হবে।
বিলম্বিত আইটিআর কী?
করদাতাদের একাংশ অনেক সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা করেন না বা করতে পারেন না। তাঁদেরই বিলম্বিত আয়কর রিটার্ন জমা করার সুযোগ দিয়ে থাকে সরকার। আয়কর আইনের ১৩৯(১) সেকশন অনুসারে করদাতারা নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন না করতে পারেন তাহলে তাঁরা আয়কর রিটার্ন জমা করার সুযোগ পান। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের রিটার্ন যদি মিস করে থাকেন, তাহলে তা আপনাকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা করতে হবে। তবে জরিমানা আরোপ করা হতে পারে।

কেন সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে?
অনেক সময় আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় কিছু তথ্য বাদ দিয়ে ফেলি বা ভুলভাবে জমা দিই। কিন্তু উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, আয়কর দফতর এমন একটি সুযোগ দিচ্ছে, যার মাধ্যমে আপনি পরবর্তী সময়েও সেই ভুল সংশোধন করতে পারেন। বিলম্বিত এবং সংশোধিত রিটার্ন জমা করা যাবে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত। চলতি আর্থিক বছরে এই সময়সীমা আর বাড়াবে না আয়কর দফতর। তবে মনে রাখবেন, যদি আয়ের কোনও নতুন উৎস যোগ করতে হয় বা বড় কোনও পরিবর্তন করতে হয়, তাহলেই আপনাকে একটি সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। ক্লিয়ারট্যাক্সের আয়কর বিশেষজ্ঞ সিএ শেফালি মুন্দ্রা বলেন, ‘নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করলে কোনও জরিমানা হবে না।’
বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথমেই নিজের আইটিআর ভাল করে দেখে নিতে হবে। সব দাবির পক্ষে প্রয়োজনীয় নথি আছে কিনা তা যাচাই করুন। কোনও ভুল থাকলে ৩১ ডিসেম্বরের আগেই সংশোধিত রিটার্ন জমা দিন। পাশাপাশি এআইএস ও ফর্ম ২৬এএস-এ কোনও অমিল আছে ক না তা পরীক্ষা করে প্রয়োজনীয় ফিডব্যাক দিন। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এই এসএমএস স্ক্রুটিনি নোটিস নয়। যাঁদের রিটার্ন সঠিক এবং নথিপত্রে সমর্থিত, তাঁদের ক্ষেত্রে যাচাই শেষ হলেই প্রক্রিয়াকরণ আবার শুরু হবে। বিশেষজ্ঞদের মতে, নিয়ম মেনে করদাতাদের ভয় পাওয়ার কিছু নেই-শুধু সচেতন থাকাই যথেষ্ট।