মাইসুরুর অম্বা বিলাস প্যালেসের কাছে বিস্ফোরণ! নিহত ১

Spread the love

বড়দিনের উৎসবের মাঝেই বিষাদের সুর। বৃহস্পতিবার কর্ণাটকের মাইসুরুর অম্বা বিলাস প্যালেসের কাছে এক বিস্ফোরণের ঘটনা ঘটে যায়। যার জেরে প্রাথমিকভাবে ১ জনের মৃত্যুর খবর এসেছে। আহতের সংখ্যা একাধিক। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, হিলিয়ামের বেলুন থেকে এই বিস্ফোরণ ঘটেছে। এই ধরনের বেলুন প্যালেসের কাছেই বিক্রি হয়ে থাকে।

জানা গিয়েছে, কর্ণাটক এক্সিবিশন অথরিটির প্রবেশের কাছে এই বিস্ফোরণ ঘটে। বড়দিনের ছুটির জন্য আজ সন্ধ্যায় সেই জায়গায় বহু মানুষের ভিড় ছিল। আর সেই জনবহুল জায়গাতেই এই বিস্ফোরণ ঘটে যায়। জানা গিয়েছে, রাজপ্রাসাদের জয়মার্তন্ড গেটের কাছে এই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে আহতদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা রয়েছেন। তাঁর নাম শাহিনা। আহতদের কে আর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তি পেশায় বিক্রেতা ছিলেন।

বিগত পাঁচ শতাব্দী ধরে কর্ণাটকের শিল্প নৈপুণ্যতাকে বহন করে চলেছে এই মাইসুরুর অম্বা বিলাস প্যালেস। এই রাজপ্রাসাদের দিনের সৌন্দর্যের পাশপাাশি সূর্যাস্তের পর বিশেষ দিনে আলোকসজ্জার সৌন্দর্যও মন কেড়ে থাকে অনেকের। ওদেয়ার বংশের এই রাজপ্রাসাদ বহু শতাব্দী প্রাচীন। এই প্রাসাদের মুখ চামুন্ডি পাহাড়ের দিকে রয়েছে। উল্লেখ্য, ‘মাইসুরু’ শব্দের অর্থ হচ্ছে দুর্গ। আর যে ভূমি, দুর্গ স্বরূপ সেখানেই মাইসুরর রাজবংশের এই রাজপ্রাসাদ। ১৮৯৬ সালে চামরাজ ওদেয়ারের জ্যেষ্ঠ কন্যা জয়লক্ষ্মণির বিবাহের সময় শেষ প্রাসাদটি, যা বর্তমানে পুরাতন প্রাসাদ বা কাঠের প্রাসাদ নামে পরিচিত, পুড়ে ছাই হয়ে যায়। মহারাজা কৃষ্ণরাজ ওদেয়ার চতুর্থ এবং তাঁর মা মহারাণী কেম্পানঞ্জম্মন্নি দেবী ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনকে একটি নতুন প্রাসাদ নির্মাণের দায়িত্ব দেন। এমনই বহু ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রাজপ্রাসাদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *