ইনস্টাগ্রামে শিশু হেনস্থার কন্টেন্ট দেখে ‘মেটা’কে নোটিস কেন্দ্রের

Spread the love

MeitY warning to Meta: ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট প্রচারের অভিযোগে সোশ্যাল মিডিয়া জায়ান্টটিকে তলব করার পরেই মেটা-কে কড়া নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ইনস্টাগ্রামকে শিশুদেন যৌন নির্যাতন-এ প্রবেশের সুযোগ করে দেয় বা তা প্রচার করে-এমন সব বিজ্ঞাপন ও কনটেন্ট অবিলম্বে নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর, শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি নরেন্দ্র মোদী সরকার। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই ধরণের আপত্তিকর এবং বেআইনি কন্টেন্ট কীভাবে ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ল, তার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে মেটার কাছে। আগামী সাত দিনের মধ্যে মেটাকে লিখিতভাবে জানাতে হবে। সরকারের এই পদক্ষেপ এসেছে অনলাইনে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্টের প্রচার ও বিস্তার রুখতে চলা অভিযানের অংশ হিসেবে। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আরও কঠোর এবং দায়িত্বশীল হতে হবে।

কীভাবে তাদের নজর এড়িয়ে এই ধরণের বিজ্ঞাপন লাইভ হল? অভিযোগ সামনে আসার পর কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যখ্যা-সহ কেন্দ্রকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে মেটাকে। এর আগে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে মেটা আধিকারিকদের তলব করেছিল অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক। এই বিতর্কের সূত্রপাত একটি বিবিসি আই-র অনুসন্ধানী প্রতিবেদনের পর। ওই তদন্তে দাবি করা হয়, ইনস্টাগ্রামে এমন কিছু পেইড বিজ্ঞাপন দেখা গিয়েছিল, যেখানে বিতর্কিত শব্দ ব্যবহার করা হচ্ছিল। অভিযোগ, এই বিজ্ঞাপনগুলিতে ক্লিক করলে ব্যবহারকারীরা টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে পৌঁছে যাচ্ছিলেন, যেখানে মাত্র ৯৯ টাকা থেকে শিশু যৌন নির্যাতনের ভিডিও বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল। বিবিসি-র দাবি, এই বিজ্ঞাপনগুলি ইনস্টাগ্রামের নিজস্ব কনটেন্ট মডারেশন ব্যবস্থা পেরিয়েই প্রকাশিত হয়েছিল। অর্থাৎ প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এমন গুরুতর কনটেন্ট ধরা পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *