রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে উঠে এসেছিল আরবানা প্রসঙ্গ। একদিকে যেমন অভিনেত্রীর মন্তব্য ঘিরে করা হয়েছিল তুমুল কটাক্ষ তেমন অন্যদিকে আরবানা সম্পর্কে মানুষের কৌতুহল বেড়েছিল বেশ। কিন্তু অনেকেই জানেন না, যে তারকারা আরবানাতে থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি নিউজ এইট্টিন বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে চূর্ণী গঙ্গোপাধ্যায় বলেন, ‘আরবানা আমার একেবারেই পছন্দ নয়। আমি এখনো আমার বাড়িতে ভীষণভাবে মিস করি। এত বিরাট বিরাট বিল্ডিং আমার ভালো লাগে না। ওরা যখন বলেছিল আরবানাতে ফ্ল্যাট নেবে, আমার মন খারাপ হয়ে গিয়েছিল। এমনকি আমি দেখতেও যায়নি।’
চূর্ণীর স্বামী অর্থাৎ কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘তুমি রাজপ্রাসাদে থেকেও গরিব মানুষের গল্প লিখতে পারো, যদি তোমার মনটা মাটিতে থাকে। ইট পাথর দিয়ে কখনও জীবন দর্শন লেখা যায় না। ও এখনো ফুটপাতের জামা কেনে, ঘুরে ঘুরে কিনতে ভালোবাসে জামা। ও সব সময় বলে, গড়িয়ার বাড়িতে চলে যাবে। ওর ওখানে একেবারেই মন বসে না।’
কেন কিনেছিলেন আরবানায় ফ্ল্যাট?
আরবানাতে ফ্ল্যাট কেনার পেছনে কারণ শুধুই শারীরিক অসুস্থতা। পায়ের সমস্যা থাকার কারণে যখন ওপর নিচ করতে অসুবিধে হচ্ছিল তখন ফ্ল্যাটে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। যদিও এই সিদ্ধান্ত একেবারেই মন থেকে মেনে নিতে পারেননি চূর্ণী। তাই আরবানাতে থাকলেও তার মন পড়ে থাকে নিজের বাড়িতে। এমনকি ফ্ল্যাটটাকেও তিনি সাজিয়েছেন পুরনো বাড়ির আদলে। পুরনো বাড়ির সমস্ত ফার্নিচার তিনি রেখেছেন নিজের ফ্ল্যাটে যাতে বাড়ির সেই স্পর্শ অনুভব করা যায়।

প্রসঙ্গত, আজ অর্থাৎ ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আবার অভিনয় করতে দেখা গিয়েছে চূর্ণী, জয়া আহসান এবং কৌশিক সেনকে। ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে গল্প যেখানে শেষ হয়েছিল, সেই একই জায়গা থেকে আবার নতুন করে শুরু হয়েছে আজও অর্ধাঙ্গিনী ছবির গল্প।