কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির

Spread the love

কলকাতা পুলিশের আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করল ইডি। গত এপ্রিল মাসে ১৯ এপ্রিল ভোর থেকে বালিগঞ্জে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল। প্রায় ২০ ঘণ্টা ধরে সেই অভিযান চলেছিল। পরে দু’টি মামলার তদন্তের সূত্রে একাধিকবার তাঁকে তলব করা হলেও শান্তনু হাজিরা দেননি সিজিও কমপ্লেক্সে। আর রাজ্যে পালাবদলের পরে শান্তনু দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারীদের। এই আবহে তাঁর বিরুদ্ধে জারি হল লক আউট নোটিশ।

উল্লেখ্য, ১৯ এপ্রিল শান্তনুর বালিগঞ্জ ফার্ন রোডের বাড়িতে হাজির হন ইডির অফিসাররা। ইডির আধিকারিকরা জানান, বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলা সংক্রান্ত আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় সেই অভিযান চালানো হয়। এছাড়া তাঁর ভাড়া দেওয়া বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চলে। পরে শান্তনু সিংহ বিশ্বাসের পুত্রকে নিয়ে ইডির টিম পার্ক স্ট্রিটের অকল্যান্ড রোডে যায়। সেখানে শান্তনু পুত্রের একটি কোচিং সেন্টার রয়েছে। শান্তনুর ছেলের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। তবে শান্তনুর ছেলে তল্লাশি অভিযান প্রসঙ্গে বলেন, ‘সাধারণ একটি তদন্ত চলছে। সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। বাবার সঙ্গেও কথা বলেছেন। সব ঠিক আছে।’

এদিকে শান্তনুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে তাঁর ছেলে বলেছিলেন, ‘এটা শুভেন্দু অধিকারীর চাল। আর কিছু না।’ এমনিতে শান্তনুর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছে বিজেপি। দিনকয়েক আগেই পদ্মশিবিরের তরফে অভিযোগ করা হয়, প্রকাশ্য মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন তিনি। আবার গত বছর অগস্টে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অভিযোগ করেছিলেন, বেআইনিভাবে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। করা হয়েছে পদোন্নতিও। সেইসঙ্গে পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে কলকাতা পুলিশের পরিবারের সদস্যদের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, সেটার চিত্রনাট্য শান্তনুই তৈরি করেছিলেন বলে অভিযোগও তুলেছিলেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *