ক্রীড়া দফতর আপাতত মমতার হাতে

Spread the love

ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। সেই ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। শোনা গিয়েছে, অরূপ বিশ্বাসের ইস্তফার পরেই ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের কর্তাদের নবান্নে ডাকা হয়। তাঁরা সেখানে পৌঁছে যান। এর পরেই মুখ্যমন্ত্রী জানান, আপাতত এই দফতর তাঁর অধীনেই থাকবে।

এদিন হাতে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই চিঠিতে লেখা ছিল, ক্রীড়ামন্ত্রী নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে। এর পরে মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি চিঠি প্রকাশ করা হয় এবং ঘটনার সত্যতা স্বীকার করা হয়।

সেই চিঠিতে জানানো হয়েছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী নিজের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং নিজের হাতে এই বিভাগ আপাতত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অরূপ বিশ্বাস অবশ্য রাজ্যের ক্রীড়া দফতরের পাশাপাশি বিদ্যুৎ দফতরেরও দায়িত্বে। সেই বিভাগের কাজ এর পরেও তিনি চালিয়ে যাবেন।

মেসির কলকাতা সফর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোটেই ক্রীড়ামন্ত্রীর অনুকূলে নয়। গোটা ঘটনায় যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য অনেকেই ক্রীড়ামন্ত্রীকে দায়ী করেছেন। যদিও এর আগে রাজ্যের শাসক দলের তরফে আঙুল তোলা হয়েছিল আয়োজকদের দিকেই। কিন্তু সাধারণ মানুষের চোখে ক্রীড়ামন্ত্রী এবং শাসক দলের ভূমিকা তার পরেও স্বচ্ছ হতে পারেনি। এমনও শোনা যাচ্ছিল, সেদিনের ঘটনার কারণে নিজের দলের ভিতরেও সমালোচিত হচ্ছেন ক্রীড়ামন্ত্রী। তখনই অনেকে আন্দাজ করেছিলেন, এর পরে হয়তো পদ থেকে ইস্তফা দেবেন অরূপ। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *