রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচেনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অঞ্চলটির প্রধান রমজান কাদিরভ। তিনি বলেছেন, ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে শিগগিরই ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।
স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) এক টেলিগ্রাম বার্তায় এই চেচেন নেতা জানান, একটি ইউক্রেনীয় ড্রোন চেচেন রাজধানী গ্রোজনির একটি বহুতল ভবনে আঘাত হেনেছে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বহুতল ভবনে ড্রোন হামলা কৌশলগত দৃষ্টিকোণ থেকে ‘একেবারেই অর্থহীন’ মন্তব্য করে কাদিরভ লেখেন, ‘শনিবার থেকে শুরু করে আগামী সপ্তাহজুড়ে ইউক্রেনীয় নব্য-নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে। তাদের হামলার বিপরীতে আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে কাপুরুষোচিতভাবে গুলি চালাব না। আমাদের আক্রমণগুলো ইউক্রেনীয় নব্য-নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর লক্ষ্যবস্তুতে হবে।’
এদিকে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়াশিংটন ও কিয়েভের শান্তি আলোচনার মধ্যে শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতভর এই হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন মতে, আজ শনিবার (৬ ডিসেম্বর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, হামলায় ইউক্রেনের অন্তত আটটি অঞ্চলে বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকায় ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছে এবং তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।
