জামাতের সঙ্গে মিশে যেতে চলেছে বিল্পবী নাহিদদের দল?

Spread the love

বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিল নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহদের এনসিপি। তবে সেই বিপ্লবীদের দলই এবার জামাতে ইসলামির সঙ্গে মিশে যেতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে নাহিদ ইসলাম বেশ কয়েক মাস ধরেই বলে আসছিলেন যে, এনসিপি এককভাবে নির্বাচন করবে। সেই লক্ষ্যে প্রথমপর্বে ১২৫টি আসনে প্রার্থী দেওয়া হয়। তবে পরে তারা ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করার ঘোষণা করেন। আর এবার বাংলাদেশি সংবাদমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, জামাতের সঙ্গেও জোট নিয়ে এনসিপির আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, বিএনপির বিরোধী জোট শক্তিশালী করতে জামাতের সঙ্গে এনসিপি হাত মেলাতে পারে।

রিপোর্ট অনুযায়ী, জামাতের কাছে ৫০টি আসন চেয়েছে এনসিপি। তবে জামাত তা দিতে চাইছে না। এরই মধ্যে আবার এনসিপি যে আগে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তাঁদের অনেকেই প্রচার শুরু করেছে। এই আবহে যদি জামাতের সঙ্গে মাত্র কয়েকটি আসনে এনসিপির জোট হয়, তাহলে তাদের বাকি প্রার্থীরা বাদ পড়বে। এই পরিস্থিতিতে এনসিপির জামাত বিরোধী অংশ দল ছাড়তে পারে। ইতিমধ্যেই জামাতবিরোধী হিসেবে পরিচিত, মীর আরশাদুল হক এনসিপি ছেড়ে দিয়েছেন।

এদিকে হাসনাত এবং সারজিসদের মতো নেতাদের বক্তব্যের থেকে জামাতের বক্তব্য কোনও অংশে আলাদা না। এদিকে জামাতের সঙ্গে জোট করলেও বিএনপির বিরুদ্ধে নিজেদের প্রতীকে তারা কটি আসনে জিততে পারবে, তা নিয়ে সংশয় থাকবে। এমনিতেই তাদের জামাতের বি-টিম বলে দাগিয়ে দেওয়া হয়েছে। দল গঠনের সময় ভারতের আম আদমি পার্টির নীতির কথা বললেও এনসিপি যে ইসলামপন্থী দলে পরিণত হচ্ছে, তা স্পষ্ট বিগত দিনে। বিগত দিনে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বয়ান দিয়েছেন এনসিপির নেতারা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ভোটবাক্সে বজায় রাখতে পারবে এনসিপি? আর তা যদি তারা না করতে পারে, তাহলে কি স্বতন্ত্র ভাবে লড়াই তারা চালাবে নাকি জামাতের সঙ্গেই মিশে যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *