প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর যে নির্দেশ দিয়েছেন, তা আটকানোর ঘোষণা দিয়েছেন একদল মার্কিন আইনপ্রণেতা। তারা বলেছেন, সরকার যদি ভেনেজুয়েলার ভেতরে হামলা চালায়, তাহলে তা আটকাতে কংগ্রেসের একটি ভোটাভুটি বাধ্যতামূলক করতে নতুন একটি প্রস্তাব উত্থাপন করবেন তারা।
ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক আগ্রাসন ঠেকাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন এই আইনপ্রণেতারা। মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার এক বৈঠকে মাদকবিরোধী যুদ্ধের অজুহাতে ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা দেন ট্রাম্প।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযান এখন শুধু সমুদ্রপথেই সীমাবদ্ধ থাকবে না বরং কারাকাসের যে অঞ্চলেই ‘মাদক সন্ত্রাসীরা’ থাকবে, সেই অঞ্চলকেই হামলার লক্ষ্যবস্তু বানানো হবে।
ট্রাম্পের এই ঘোষণার প্রতিক্রিয়ায় ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ এবং কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে অননুমোদিত সামরিক পদক্ষেপ একটি বিশাল ও ব্যয়বহুল ভুল হবে, যা অপ্রয়োজনীয়ভাবে আমাদের সেনা সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে।’

তারা আরও বলেন, ‘যদি কোনো হামলা হয়, তাহলে আমরা কংগ্রেসে একটি বিতর্ক এবং ভোটাভুটি বাধ্যতামূলক করার জন্য একটি যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাব আহ্বান করব, যা ভেনেজুয়েলার বিরুদ্ধে বা এর অভ্যন্তরে আগ্রাসন পরিচালনায় মার্কিন বাহিনীর ব্যবহারকে বাধাগ্রস্ত করবে।’
এদিকে রিপাবলিকান-নেতৃত্বাধীন কংগ্রেসনাল কমিটিগুলো ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সামরিক অভিযান নিয়ে তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের নিজ দলের সদস্যরাই ভেনেজুয়েলা নিয়ে তার একটি নীতিগত উদ্যোগ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।