বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ। তারমধ্যেই ডিভোর্সের নোটিশ পাঠাতেই ঘটল বিপত্তি। বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর এক সপ্তাহ পরেই স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আর এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বেঙ্গালুরুতে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে আলাদা থাকছিলেন। অভিযুক্ত বালামুরুগান তার স্ত্রী ভুবনেশ্বরীকে কাজ থেকে বাড়ি ফেরার সময় চার রাউন্ড গুলি করেন বলে অভিযোগ। এরপর থানায় পৌঁছে আত্মসমর্পণ করেন বালামুরুগান।
পুলিশ সূত্রে খবর, ৪০ বছরের বালামুরুগান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত চার বছর তিনি বেকার। অন্যদিকে, ৩৯ বছরের ভুবনেশ্বরী ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। ২০১১ সালে ভুবনেশ্বরী ও বালামুরুগান বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালে তাঁরা বেঙ্গালুরুতে থাকতে শুরু করেন। দু’জনেই তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা ছিলেন। দুই সন্তানও রয়েছে তাঁদের। গত একবছর ধরে তাঁরা আলাদা ছিলেন দাম্পত্য কলহের জেরে। রাজাজীনগরে দুই সন্তানকে নিয়ে থাকতেন ভুবনেশ্বরী। পুলিশ জানিয়েছে, বালামুরুগানের সন্দেহ ছিল, ভুবনেশ্বরী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যা নিয়ে প্রায় তাঁদের মধ্যে অশান্তি হতো।
পুলিশ জানিয়েছে, এক সপ্তাহ আগেই ভুবনেশ্বরী ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন বালামুরুগানকে। এরপরেই মঙ্গলবার ভুবনেশ্বরীর কাজ থেকে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন বালামুরুগান। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বাড়িতেই স্ত্রীকে চার রাউন্ড গুলি করে খুন করেন যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর বালামুরুগান মাগাদি রোড থানায় আত্মসমর্পণ করেন এবং স্বীকার করেন যে, তিনি নিজে তার স্ত্রীকে হত্যা করেছেন। পুলিশ একটি খুনের মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনা বেঙ্গালুরুতে ব্যক্তিগত দ্বন্দ্ব ও গৃহস্থালীর টানাপোড়েন থেকে সৃষ্ট সহিংসতার একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে। আদালত ও তদন্তকারীরা বর্তমানে বিস্তারিত তদন্ত চালাচ্ছেন।
