বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছেঅনেকদিন আগেই। যদিও এসআইআর-এর জন্য এখনও নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, তবে প্রায় সব দলেরই ভোটের প্রস্তুতি শেষের পথে। এমনকী, কোন কেন্দ্র থেকে কোন তারকা ভোটে দাঁড়াবেন, সেটাও ঠিক হয়ে গিয়েছে বলে খবর। এবারেও বহু নতুন তারকা মুখকে দেখা যাবে বিজেপি ও তৃণমূলে। ঘাসফুল দলের প্রার্থী হিসেবে একগুচ্ছ নাম সামনে আসছে, গায়িকা ইমন চক্রবর্তী থেকে শুরু করে ছোট পর্দার দুঁদে খলনায়িকা সুদীপ্তা বক্সী, যিনি আবার স্মিতা বক্সির ছেলের বউ।
এরই মাঝে আরও যে নাম সামনে আসছে, তা হল সোনামণি সাহা। অভিনেত্রীকে শাসক দলের সমর্থনে একটা কনটেন্টে দেখা যাবে বলে খবর। এমনকী, সেটার শ্যুটিংও নাকি হয়ে গিয়েছে। আর এই কথা জানার পর থেকেই, প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি এবার ভোটে দাঁড়াচ্ছেন? তৃণমূলের বেশ কিছু অনুষ্ঠানেও মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।
মালদহ কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন সোনামণি?
মালদহের মেয়ে সোনামণি? তাহলে কি এই কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াবেন অভিনেত্রী? যদিও রাজনীতিতে পা রাখা নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়েই যান। টিভি নাইন বাংলাকে বলেন, ‘দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) খুবই ভালোবেসে, সম্মান দিয়ে ডাকেন। তাঁর আমন্ত্রণে সেই কারণেই যাই আমি। তবে রাজনীতি নিয়ে আমি খুব একটা ওয়াকিবহাল নই। এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও নেই আপাতত আমার।’ আর যদি ভোটের টিকিট দেওয়া হয়? সোনামণি স্পষ্ট করলেন, তেমন প্রস্তাব যদি আসে তখন ভেবে দেখবেন!

শেষ হয়েছে ‘শুভ বিবাহ’
ছোটপর্দার যথেষ্ট জনপ্রিয় মুখ সোনামণি সাহা। শেষ তাঁকে দেখা গিয়েছে শুভ বিবাহ ধারাবাহিকে। এর আগে মোহর, এক্কা দোক্কা-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে সোনামণিকে।
প্রতীকের প্রেমে হাবুডুবু সোনামণির
তবে কাজের পাশাপাশি, সোনামণি সাহা খবরে রয়েছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। প্রতীক সেনের সঙ্গে সোনামণির প্রেম ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে অভিনয়ে পা রাখার আগেই, বিয়ে করেছিলেন সোনামণি। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে তাঁর বিয়ে হয় কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে। কিন্তু ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও অতীত কাটিয়ে উঠেছেন আগেই। খবর, খুব জলদি প্রতীক সেনের সঙ্গে সংসারও পাততে চলেছেন। আজকাল তো হবু শাশুড়িমাকেও দেখা যায় সোনামণির সঙ্গে।