তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির জানাজা অনুষ্ঠিত

Spread the love

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। খামেনির সাত দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিন আজ রোববার (৫ জুলাই) সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ অংশ নেন। পাশাপাশি সরকারের শীর্ষ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

জানাজা শুরুর আগেই গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কে মানুষের ঢল নামে। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভোর থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হন।
 
উপস্থিত শোকাহতদের জন্য পুরো প্রাঙ্গণে পানি ছিটানোর মিস্টার স্থাপন করা হয় এবং স্বেচ্ছাসেবীরা ঠান্ডা পানি ও পানীয় বিতরণ করেন। একই সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য মোবাইল মেডিকেল ইউনিট ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।
 
রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লায় আনা হলে উপস্থিত জনতা ধর্মীয় স্লোগান ও দোয়ার মাধ্যমে তাকে শেষ বিদায় জানান। অনেকের হাতে ছিল খামেনির প্রতিকৃতি, জাতীয় পতাকা এবং লাল রঙের ধর্মীয় পতাকা, যা প্রতিরোধ ও প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
 
ইরান সরকার জানায়, জানাজা উপলক্ষে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং অনুষ্ঠানস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সম্ভাব্য যেকোনো হামলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং আকাশপথেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *