দায়িত্ব গ্রহণের চার মাস পর ক্ষমতাচ্যুত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী

Spread the love

চার মাসের মাথায় ক্ষমতাচ্যূত হলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী গম্বুজাভ জানদানসাতার। আজ শুক্রবার (১৭ অক্টোবর) পার্লামেন্টে আস্থা ভোট হেরে যাওয়ার পর পদত্যাগ করেন তিনি।জানদানসাতার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েকদিনের গণবিক্ষোভের পর এ আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পার্লামেন্টের ১২৬ এমপির মধ্যে ১১১ জন ভোট দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী জানদানসাতারের ক্ষমতাচ্যুতির পক্ষে ভোট পড়ে ৭১টি।

রাশিয়ায় পড়াশুনা করা অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার জানদানসাতার পররাষ্ট্রমন্ত্রী ও সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন। এখন থেকে চার মাস আগে ৫৫ বছর বয়সি এই রাজনীতিককে প্রধানমন্ত্রী নির্বাচিত করে মঙ্গোলিয়ার এমপিরা।

তৎকালীন প্রধানমন্ত্রী লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেনের পর ক্ষমতায় আসেন জানদানসাতার। লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেনও দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কয়েক সপ্তাহে বিক্ষোভের মুখে গত জুন মাসে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন।

ওয়ুন-এর্দেনের ছেলের জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টি ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা ওই গণবিক্ষোভ উসকে দিয়েছিল। দুর্নীতির কারণে লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেনের পথেই যেতে হলো জানদানসাতারকে।

মঙ্গোলিয়ায় ২০২৬ সালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা দেশটিতে অর্থনৈতিক সংস্কার ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *