পঞ্জাবের মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার (Jaswant Singh Khalra) জীবনের বাস্তব ও মর্মস্পর্শী ঘটনার ওপর ভিত্তি করে তৈরি সিনেমা ‘সতলুজ’ (Satluj)-কে কেন্দ্র করে ভারতীয় বিনোদন দুনিয়ায় এক নজিরবিহীন তোলপাড় শুরু হলো। গত ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ (Zee5)-এ কোনও রকম সেন্সর কাট ছাড়াই মুক্তি পেয়েছিল ছবিটি (যার আগের নাম ছিল ‘পাঞ্জাব ৯৫’)। কিন্তু সমালোচক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাওয়ার ঠিক দুই দিনের মাথায়, অর্থাৎ ৫ জুলাই রবিবার আচমকাই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হলো ছবিটিকে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ছবিটির এই পরিণতি যে হতে চলেছে, তা মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রাম লাইভে হুবহু প্রেডিক্ট বা ভবিষ্যৎবাণী করেছিলেন ছবির মূল অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)।
‘সোমবারের মধ্যেই ছবিটা তুলে নেওয়া হতে পারে’— মিলে গেল দিলজিতের আশঙ্কা
ছবিটি মুক্তি পাওয়ার পর ইনস্টাগ্রাম লাইভে অনুরাগীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন দিলজিৎ। সেখানে এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন যে এই ছবি ওটিটি থেকে সরিয়ে নেওয়ার কোনও ভয় তাঁর আছে কি না। জবাবে দিলজিৎ স্পষ্ট জানান যে তিনি সত্যিই অত্যন্ত আশঙ্কিত।
দিলজিৎ বলেছিলেন, ‘আজ শনিবার। আমার মনে হচ্ছে সোমবারের মধ্যেই হয়তো এই ছবিটা ওটিটি থেকে নামিয়ে দেওয়া হতে পারে। তবে কোনও চিন্তা নেই, তোমরা এখনই এটা ডাউনলোড করে রেখে দাও।’
দিলজিতের এই আশঙ্কার ঠিক পরের দিন, অর্থাৎ রবিবারই ভারত থেকে ছবিটির স্ট্রিমিং পুরোপুরি বন্ধ করে দেয় জিফাইভ। এর আগে থিয়েটারে মুক্তির জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) এই ছবিতে ১২টি কাটের নির্দেশ দিয়েছিল, যা নির্মাতারা মানেননি। ৩ বছর আটকে থাকার পর ওটিটি-তে আলোর মুখ দেখলেও, তা স্থায়ী হলো মাত্র ৪৮ ঘণ্টা।

‘১৯৯৫ সালেও ওঁর কণ্ঠরোধ করা হয়েছিল, আজও হচ্ছে’— দিলজিতের আবেগঘন পোস্ট
ছবিটি রিলিজের পর পঞ্জাবি ভাষায় এক আবেগঘন পোস্ট করে দিলজিৎ লেখেন যে তিনি প্রায়ই টিমকে জিজ্ঞেস করতেন এই ছবি কোনও দিনও মানুষের সামনে আসবে কি না।
দিলজিতের কথায়, ‘আমরা কি আমাদের নিজেদের গল্পটাও বলতে পারব না? খালরা সাহেবের (যশবন্ত সিং খালরা) কণ্ঠস্বর ১৯৯৫ সালেও চেপে দেওয়া হয়েছিল… আর আজ (২০২৬ সালেও) তাঁর কণ্ঠরোধ করা হচ্ছে! আমরা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? তবে আমি কৃতজ্ঞ যে ছবিটা অন্তত দুদিনের জন্য হলেও রিলিজ হতে পেরেছিল।’
জিফাইভ-এর ধোঁয়াশাপূর্ণ অফিশিয়াল বয়ান
হঠাৎ করে এত সফল একটি ছবিকে কেন ভারতের দর্শকদের জন্য ‘পজ’ বা বন্ধ করে দেওয়া হলো, তার সুনির্দিষ্ট কোনও কারণ অবশ্য জানায়নি জিফাইভ কর্তৃপক্ষ। তবে রবিবার রাতে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তারা দর্শকদের ধন্যবাদ জানায় এবং লেখে, ‘বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারতে ‘সতলুজ’ স্ট্রিম করা যাবে না। আমরা ছবির টিম এবং তাঁদের সৃজনশীল ভাবনার পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছি। আইনি ও সমস্ত রকম সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে এই ছবিকে দ্রুত দর্শকদের কাছে ফিরিয়ে আনা যায়, আমরা সেই চেষ্টা করছি।’