পাকিস্তানি বিনোদন জগতের জনপ্রিয় দুই তারকা ফাওয়াদ খান ও মাহিরা খানকে ফের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তাঁদের অভিনীত নতুন সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ। তবে ভারতের ক্ষেত্রে এই সিরিজের মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার নিয়ে কেন্দ্রের আগের নির্দেশিকার কথা মনে করিয়ে এবার নেটফ্লিক্সকে সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি কনটেন্ট ব্লক করার বিষয়ে ২০২৫ সালের মে মাসে জারি করা নির্দেশিকা মেনে চলার বার্তা দেওয়া হয়েছে স্ট্রিমিং সংস্থাটিকে।
নেটফ্লিক্সকে কী নির্দেশ দিল কেন্দ্র?
২০২৫ সালের ৮ মে, অপারেশন সিঁদুরের আবহে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার নিয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশ অনুযায়ী, ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানের কোনও ধরনের কনটেন্ট সম্প্রচার না করার কথা বলা হয়েছিল। এই নিষেধাজ্ঞার আওতায় শুধু সিনেমা বা ওয়েব সিরিজই নয়, পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিষয়টিও উঠে এসেছিল।
এরপর ২০২৫ সালের জুন মাসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নেটফ্লিক্স জানিয়েছিল, ভারতীয় গ্রাহকদের জন্য তাদের প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনও সিনেমা বা সিরিজ উপলব্ধ নেই।
কিন্তু সম্প্রতি ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রকের কাছে। তার পরেই নেটফ্লিক্সকে আগের নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি কনটেন্ট না রাখার বিষয়ে ২০২৫ সালের জুনে যে অবস্থান জানিয়েছিল সংস্থাটি, তা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে।
কেন বিতর্কে ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’?
‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ একটি রোম্যান্টিক ড্রামা সিরিজ। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার। এই সিরিজে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সনম সইদ, আহদ রাজা মীর, হামজা আলি আব্বাসি এবং ইকরা আজিজের মতো জনপ্রিয় পাকিস্তানি তারকারা।
সিরিজটির মুক্তির ঘোষণা সামনে আসতেই ভারতে এর সম্প্রচার বন্ধের দাবি উঠতে শুরু করে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) সহ একাধিক সংগঠন এ দেশে সিরিজটির মুক্তি আটকানোর দাবিতে সরব হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েও পাকিস্তানি কনটেন্টের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে।
কী গল্প নিয়ে তৈরি এই সিরিজ?
প্রেমই ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’-র মূল বিষয়। তবে এই সিরিজে কেবল একটি প্রেমের গল্প নয়, বরং তিন প্রজন্মের জীবনকে কেন্দ্র করে ছয়টি পৃথক প্রেমের কাহিনি তুলে ধরা হবে। সিরিজটির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরাইদ।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের ১৯১টি দেশে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। তবে ভারতীয় দর্শকরা আদৌ নেটফ্লিক্সে এটি দেখতে পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে আগের নির্দেশিকা মেনে চলার কথা মনে করিয়ে দেওয়ায় এ দেশে সিরিজটির সম্প্রচার কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

কী এই অপারেশন সিঁদুর?
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। ওই ঘটনার জবাবে ৬ ও ৭ মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সামরিক অভিযান চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।
এই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়ে যায়। তার প্রভাব পড়ে দুই দেশের সাংস্কৃতিক ও বিনোদন জগতেও। পাকিস্তানি শিল্পীদের কাজ ভারতে প্রদর্শন ও সম্প্রচার নিয়ে একাধিকবার আপত্তি উঠেছে। এবার সেই আবহেই ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন সিরিজকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। কেন্দ্রের নির্দেশিকার জেরে শেষ পর্যন্ত ভারতীয় দর্শকদের জন্য সিরিজটির দরজা বন্ধ থাকে কি না, এখন সেটাই দেখার।