ন্যাটোর সামরিক মহড়ায় ব্যর্থ এয়ারড্রপে ৬ লাখ ইউরোর সাজোয়া যান বিধ্বস্ত

Spread the love

স্পেনে ন্যাটোর সামরিক মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এয়ারবোর্ন প্রশিক্ষণের অংশ হিসেবে একটি সাঁজোয়া যান সামরিক বিমান থেকে নামানো হয়। কিন্তু প্যারাশুট না খোলায় সেটি মাটিতে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর একটি প্রযুক্তিগত তদন্ত শুরু করা হয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।

ইউএ নিউজের প্রতিবেদন মতে, ঘটনাটি ঘটে গুয়াদালাহারা প্রদেশের উসেদা শহরের কাছে একটি সামরিক মহড়ায়। রিপোর্টে বলা হয়েছে, ধ্বংস হওয়া যানটি ছিল ইউআরও ভ্যামট্যাক, যা স্পেনের সেনাবাহিনী ব্যবহার করে।পরিকল্পনা ছিল খুবই সহজ—বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে ধীরে ও নিরাপদে নামানো হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। পরিকল্পনা অনুযায়ী বিমান থেকে যানটি ফেলা হলেও প্যারাশুট সিস্টেম কাজ করেনি।

প্রায় ৬ লাখ ইউরো মূল্যের ভ্যামট্যাক নামের সাঁজোয়া যানটি এয়ারবাস এ৪০০এম সামরিক কার্গো বিমান থেকে ফেলা হয়। প্রায় ৩০০ মিটার উচ্চতা থেকে পড়ে মাটিতে আঘাতের সঙ্গে সঙ্গেই পুরোপুরি নষ্ট হয়ে যায়।এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে একটি প্রযুক্তিগত তদন্ত শুরু হয়েছে এবং প্যারাশুট সিস্টেম কেন কাজ করেনি, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভ্যামট্যাক হলো স্পেনের তৈরি একটি চার চাকার সামরিক যান, যা ইউরোভেসা কোম্পানি তৈরি করে। এটি প্রথম তৈরি হয় ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে এবং ১৯৯৮ সালে স্প্যানিশ সেনাবাহিনীতে ব্যবহার শুরু হয়। এর ডিজাইন দেখতে অনেকটা আমেরিকার হামভি গাড়ির মতো।

এই যানটির চারটি প্রধান ধরন আছে এবং এতে বিভিন্ন ধরনের অস্ত্র বসানো যায়। এটি দুর্গম এলাকায় সৈন্য ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়। পাশাপাশি, এতে মেশিনগান থেকে শুরু করে ট্যাংক-বিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষা অস্ত্রও বসানো যায়। এছাড়া এটি মেডিকেল সরিয়ে নেয়া, কমান্ড পরিচালনা এবং নজরদারি মিশনের কাজেও ব্যবহার করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *