Phool Pishi O Edward: উপর থেকে দেখতে রূপকথার মতো। এক জমিদার, তার বিরাট প্রাসাদ সমান বাড়ি, তাঁর দুই গিন্নি, আর সে আবার নতুন বউ ঘরে আনতে চলেছে। কিন্তু গল্পের যত কাছাকাছি যাওয়া যায় রূপকথা কঠিন বাস্তব হয়ে ধরা দেয়। বাড়ি সাজানো গোছানো হলেও, তাদের সকলের জীবন বড় এলোমেলো। ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর ট্রেলারের পরতে পরতে সেই চমকই অব্যহত।
গরমের ছুটিতে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। চলতি বছরের ২৯ মে মুক্তি পাবে ছবিটি। প্রায় এক মাস আগে এসেছিল ছবির টিজার। আর এবার অবশেষে সামনে এল ছবির ট্রেলার।
‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর ট্রেলারে কী দেখা গিয়েছে?
ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে জমিদার মনীন্দ্র চন্দ্র নন্দীর তৃতীয় বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। তাঁর দ্বিতীয় স্ত্রী চোখের জল ফেলতে ফেলতে হলুদ বাটছে। তার মাঝেই ভেসে ওঠে বেশ কিছু দৃশ্য। সে তৃতীয় স্ত্রী হিসেবে যাকে গ্রহণ করতে চলেছে, তার বিয়ের আগের জীবনের ঝলক, সঙ্গে মনীন্দ্রর অসুখও। জমিদারের কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন। ট্রেলারে তার ভাইয়ের মুখের সংলাপে প্রকাশ্যে আসে সেই কথা।
এরপর উঠে আসে চরিত্রগুলির একে অন্যের সঙ্গে বিচিত্র সব সমীকরণের দৃশ্য। কখনও দাদা মনীন্দ্রর দ্বিতীয় স্ত্রীর প্রতি তার ভাইয়ের অনুরাগ, আবার কখনও মনীন্দ্রর তৃতীয় হবু স্ত্রীর দিদি তথা জমিদারের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার মান-অভিমানের ঝলক।
আর এরপরই ঘোড়ার ক্ষুরে ক্ষুরে উলের কাঁটা হাতে উল বুনতে বুনতে নাটকের মঞ্চে প্রবেশ করে ‘ফুলপিসি’। তারপর আবার ফের বিয়ের আসর, সেখানে টুকরো টুকরো সব বিয়ের মুহূর্তের কোলাজ আর বিয়ের আসরেই তা অসম্পূর্ণ রেখে মনীন্দ্রর মৃত্যু। এরপরই পাকে জট। জানা যায়, অস্বাভাবিক মৃত্যু হয়েছে জমিদারের। কিন্তু সেই বাড়ির সকলের সঙ্গে কথা বলে পুলিশ বুঝতে পারে তাঁদের প্রত্যেকেই যথেষ্ট মোটিভ ছিল। ফলে এত জন সাসপেক্ট নিয়ে বেশ নাকাল হয় সে। আর তারই ফাঁকে ফাঁকে নিজের কাজ চালিয়ে যেতে থাকে ‘ফুলপিসি’। এই ‘ফুলপিসি’ কি আদৌও পারবে এই খুনের কিনারা করতে? সেই জবাবই মিলবে প্রেক্ষাগৃহে।

ছবিতে জমিদার মনীন্দ্রর ভূমিকায় দেখা গিয়েছে অর্জুন চক্রবর্তীকে। বহু বছর পর এই ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করলেন অভিনেতা। ফুলপিসির ভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। তাছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কনীনিকা বন্দোপাধ্যায়, অনামিকা সাহা, রাইমা সেন, শ্যামৌপ্তি মুদলি, সৌম্য মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, ঋষভ বসু।