ছোটপর্দা থেকে আবার দূরে গীতশ্রী রায়। বাংলা টেলিভিশনের ‘রাশি’ চুটিয়ে প্রেম করছেন ফুটবলার প্রবীর দাসের সঙ্গে। প্রেমিকের জন্মদিনে আদুরে বার্তা ভাগ করে নিয়েছেন নায়িকা। নিজের প্রেমজীবন নিয়ে বরাবরই খোলামেলা গীতশ্রী। দীর্ঘদিন ধরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। বাংলার এই ফুটবলার এখন কেরলা এফসি দলের হয়ে মাঠ কাঁপান।
শুরুর দিকে এই সম্পর্ক নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি গীতশ্রীকে। তবে বিতর্ককে গায়ে মাখেন না নায়িকা। শনিবার ছিল প্রবীরের জন্মদিন। ইনস্টায় প্রবীরের সঙ্গে কাটানো বেশ কিছু আদুরে ছবি পোস্ট করে গীতশ্রী। প্রথমটিতে পড়ন্ত সূর্যের আলো গায়ে মেখে পরস্পরের চোখে হারিয়ে গিয়েছেন দুজনে। অন্য় এক ছবিতে কাশ্মীরে রোম্য়ান্সে মাখামাখি। আরেকটি ছবিতে প্রবীর হাসিমুখে পোজ দিচ্ছেন। গীতশ্রী লেখেন- ‘তোমার সঙ্গে জীবন কাটানো আমার সেরা রোমাঞ্চ। শুভ জন্মদিন আমার দুষ্টুমির সঙ্গী। আমি সত্যি ভাগ্যবতী তোমাকে জীবনে পেয়ে। লাভ ইউ’।
গীতশ্রীর সঙ্গে প্রবীরের প্রেমপর্ব বর্তমানে জমজমাট হলেও তাঁর একটা অতীত রয়েছে। ‘কেরালা ব্লাস্টার্স’ দলের এই তারকা ফুটবলার ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পরেই ফুটবলার স্বামী প্রবীরের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তনুশ্রী। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছিল। ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও। তাই প্রবীরকে ভালোবাসি জানানোর পর সোশ্যালে কম ট্রোলড হননি গীতশ্রী।
যদিও এই ঘটনায় প্রেমিকের পাশে দাঁড়িয়ে গীতশ্রী বলেছেন, প্রবীর দাসের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তা কোনওটাই প্রমাণিত হয়নি। আর তিনি অতীত নয় ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান। তাঁর কথায়, প্রবীর ভালো মানুষ। ওঁর অতীত নিয়ে তিনি কোনও কথা শুনতে রাজি নন।

তবে জানেন কি বয়সে কিন্তু গীতশ্রীর চেয়ে ছোট প্রবীর। উইকিপিডিয়ার পাতা বলছে গীতশ্রীর জন্ম ১৯৯১ সালের ৩০ মে। অন্যদিকে ফুটবলার প্রেমিক বয়সে অনেকটাই ছোট তাঁর থেকে। ১৯৯৩ সালের ডিসেম্বরের ২০ তারিখে জন্মেছেন প্রবীর। সেই হিসাবে দুজনের বয়সের ফারাক প্রায় তিন বছর।