বাবা ছেলের সম্পর্কে অন্তরায় রাজনৈতিক মতভেদ! প্রকাশ্যে ‘উইঙ্কল-টুইঙ্কল’- এর টিজার

Spread the love

আগামী ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উইঙ্কল-টুইঙ্কল’। ২০২৩ সালের মাঝামাঝি থেকেই এই ছবির কথা শুনতে পাওয়া যাচ্ছিল। ব্রাত্য বসুর বিখ্যাত নাটক ‘উইঙ্কল-টুইঙ্কল’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমাটি। ২০২৪ সালে এই সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেয়েছিল, তারপর দীর্ঘ দুই বছর পর অবশেষে এলো সিনেমার টিজার।

গোটা টিজারটি জুড়েই বাবা-ছেলের কথোপকথন রয়েছে। রাজনৈতিক মতভেদ এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই গল্প। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় করবেন অনুসূয়া মজুমদার, অঙ্গনা রায়, দেবেশ চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত সহ আরো অনেকে।

টিজারে একটি বাড়ির ডাইনিং রুমের ছবি ফুটিয়ে তোলা হয়েছে যেখানে দেখানো হচ্ছে, ২০ বছর পর এক আদর্শবাদী বিপ্লবী রাজনৈতিক কর্মী আচমকা নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারেন না যে মাঝের বছরগুলিতে জীবন এবং রাজনীতি দুটোই বদলে গিয়েছে। বদলে গিয়েছে মানুষের চিন্তা ভাবনা।

তবে শুধু বাইরের জগৎ নয়, সব্যসাচী যখন জানতে পারবে তার একমাত্র পুত্র ইন্দ্র সম্পূর্ণ অন্য মতাদর্শে বিশ্বাসী তখন সেটা শুনে স্তম্ভিত হয়ে যাবে। বাবা ছেলের রাজনৈতিক মতাদর্শের এই পার্থক্য নিয়েই যে গোটা ছবি তৈরি সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ সেপ্টেম্বর। এই তারিখ এইটুকু স্পষ্ট করে দিচ্ছে যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে সিনেমাগুলি মুক্তি পাবে, তাদের সঙ্গে কিছুটা দূরত্ব রেখেই এই সিনেমাটি মুক্তির কথা ভেবেছেন পরিচালক। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাবে জিৎ অভিনীত কেউ বলে ‘বিপ্লবী কেউ বলে ডাকাত’। যদিও ওই সময় দেবের ছবিও মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আপাতত মুক্তি পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *