অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপর বড় পর্দায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই সিনেমায় নটী বিনোদিনী চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারে এসে নিজের জীবনের সবথেকে ভয়ের কথা তিনি তুলে ধরলেন সকলের সামনে।
ফিভার এফএম বাংলার পডকাস্ট চলাকালীন যখন শুভশ্রীকে প্রশ্ন করা হয় নটী বিনোদিনী চরিত্রটি যখন তাঁর কাছে এসেছিল তিনি তখন কতটা ভয় পেয়েছিলেন, এই প্রশ্ন করায় শুভশ্রী বলেন, ‘আমার জন্ম থেকেই কাউকে ভয় পাই না। আমার জন্মটাই ভীষণ সাহসী ছিল।’
শুভশ্রী বলেন, ‘আমি আমার বাবা মাকে ভয় পাই না কিন্তু শ্রদ্ধা করি, ঈশ্বরকে ভয় পাই না বরং ভালোবাসি কিন্তু আমার ছেলে যখন ঘুম থেকে উঠে আমার কাছে না এসে প্রথমে সাইকেল চালাতে চলে যায় তখন মা হিসেবে আমার ভয় করে। যদিও এটাকে ভয় বলে না, আমি একটা নিরাপত্তাহীনতায় ভুগি। পরবর্তীকালে এটাই হয়তো ভয়ে পরিণত হবে।’
২০১৯ সালে ‘নটী বিনোদিনী’ চরিত্রটি নিয়ে সৃজিতের সঙ্গে কথা বলেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিন্তু তারপর তিনি গর্ভবতী হওয়ার কারণে এই ছবিটি তৈরি হতে আরও বেশ কিছু বছর লেগে গেল। যদিও এই দেরি হওয়াকে শুভশ্রী ভগবানের ইচ্ছে বলেই মানতে স্বচ্ছন্দ বোধ করেন। তিনি মনে করেন, এখন তিনি যথেষ্ট পরিণত একজন অভিনেত্রী তাই আগের থেকে এখন অনেক বেশি তিনি এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পেরেছেন।
