বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে ঝোপে টেনে নিয়ে গিয়ে ছ’বছরের শিশুকে ধর্ষণ

Spread the love

মুর্শিদাবাদের সূতি থানা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। অভিযোগ, ছ’বছরের এক শিশুকে গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের সময় অন্ধকারে সুযোগ নিয়ে টেনে নিয়ে যাওয়া হয় ঝোপের মধ্যে। সেখানে অভিযুক্ত এক যুবক তাকে ধর্ষণ করেন। গ্রামবাসীর তৎপরতায় রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে মুর্শিদাবাদ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি ঘটনার সময় পাড়ায় খেলছিল। বিদ্যুৎ বিভ্রাটের ফলে অন্ধকারে অভিযুক্ত শিশুটিকে ধরে নিয়ে গ্রামের প্রান্তবর্তী একটি বাঁশবাগানে নিয়ে যান। এলাকায় লোকজন কম থাকার সুযোগে সেই বাঁশবাগানেই নির্যাতন চালানো হয় শিশুটির ওপর। শিশুটির চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং হাতেনাতে ধরেন অভিযুক্তকে। খবর পেয়ে সূতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘটনার রাতেই শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় দেখা যায় শিশুটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক বিভিন্ন নেশার প্রভাবে অস্বাভাবিক আচরণ করছিলেন। পরে পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে এসে পুনরায় ঘটনার স্থান পরিদর্শন করে।

ফরাক্কার মহকুমা পুলিশ আধিকারিক শেখ শামসুদ্দিন জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। নির্যাতিতা শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। এই ঘটনায় পুরো গ্রামে আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *