জল্পনা আগেই ছিল, অবশেষে তা সত্যি হল। বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় আরও ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। তিনি দ্বারভাঙা জেলার আলিনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবারই পাটনায় রাজ্য সভাপতি দিলীপ জয়েশওয়ালের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন মৈথিলী ঠাকুর। তারপরেই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতেই সমস্ত জল্পনার অবসান হল। বিজেপিতে যোগদানের পর মৈথিলী বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাজে আমি মুগ্ধ। তাঁদের নেতৃত্বে রাজ্য ও দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই যাত্রার অংশ হতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি না রাজনৈতিক দলে থাকলেই কেউ রাজনীতিক হয়ে যায়। আমি সমাজের সেবা করতে এসেছি এবং তাঁদের আদর্শ প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’ মৈথিলী ঠাকুর ছাড়াও বিজেপি প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্রকে প্রার্থী করেছে। আনন্দ মিশ্র সম্প্রতি প্রশান্ত কিশোরের ‘জন সুরজ পার্টি’ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এছাড়া দলের তালিকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে, রঞ্জন কুমার (মুজফ্ফরপুর), যিনি বর্তমান বিধায়ক সুরেশ শর্মার পরিবর্তে লড়বেন, রামচন্দ্র প্রসাদ (হায়াঘাট), সুভাষ সিং (গোপালগঞ্জ) এবং ছোটি কুমারী (বানিয়াপুর)। দলটি আরও ছাপরা, সোনেপুর, রোসেরা (অনু), বারহ, শাহপুর ও আগিয়াঁও (অনু) আসনে প্রার্থী ঘোষণা করেছে।
এই দ্বিতীয় তালিকা প্রকাশের পর পর্যন্ত বিজেপি মোট ৮৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিজেপির প্রকাশিত প্রথম তালিকায় ৭১ জনের নাম ছিল, যেখানে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা, পাশাপাশি জ্যেষ্ঠ নেতা রাম কৃপাল যাদব, তারকেশ্বর প্রসাদ ও মঙ্গল পাণ্ডের নাম অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে, বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড প্রথম দফায় ৫৭ টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলের মোট ১০১টি আসনে প্রার্থী দেওয়ার কথা। নীতীশের দলের প্রথম তালিকায় স্থান পেয়েছেন ২৫ জন বর্তমান বিধায়ক। প্রার্থী তালিকায় চারজন মহিলার নাম আছে। ২৫ বিধায়ক এর মধ্যে তিনজন মন্ত্রী রয়েছেন। তাঁরা হলেন বিজয় কুমার চৌধুরী, সারণ কুমার এবং মদন সাহানি। এদিকে, এনডিএ-এর মধ্যে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। দুই পর্যায়ে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য এনডিএর আসন ভাগাভাগির চূড়ান্ত রূপরেখা অনুযায়ী, বিজেপি ও জনতা দল ইউনাইটেড উভয়েই ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পেয়েছে ২৯টি আসন, আর রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম), প্রত্যেকে ছয়টি করে আসন পেয়েছে।
