‘সৌন্দর্যের নিরিখে মহাভারতের সেটের দুই নম্বর পুরুষ…’

Spread the love

টেলিভিশন জগতে ১৯৮৮ থেকে ১৯৯০ সালের সব থেকে জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘মহাভারত’। বি আর চোপড়ার এই সিরিয়ালটি দেখেননি তেমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই ধারাবাহিকে যারা অভিনয় করেছিলেন, তাঁরা আজও নিজেদের চরিত্রের জন্যই পরিচিত।

এই ধারাবাহিক এই কর্নের চরিত্রে অভিনয় করতেন অভিনেতা পঙ্কজ ধীর। আজ অর্থাৎ ১৫ অক্টোবর অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। ৬৮ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত এই অভিনেতা চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন। অভিনেতার শেষ সময়ে পরিবারের পাশে ছিলেন সলমন খান।

অভিনেতার মৃত্যুতে শোকবার্তা জানান মহাভারত ধারাবাহিকের ‘যুধিষ্ঠির’ ওরফে গজেন্দ্র চৌহান। একসঙ্গে অভিনয়ের দৌলতেই পঙ্কজের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল গজেন্দ্রর। সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ছবি পোস্ট করে প্রিয় বন্ধুকে হারানোর শোকবার্তা জানান তিনি।

এবার পঙ্কজের মৃত্যুতে শোকবার্তা জানালেন মহাভারতের ‘দ্রৌপদী’ ওরফে রূপা গঙ্গোপাধ্যায়। এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন,’ আমি জানি না কি বলবো। ভাবতেই পারছিনা ওঁ আমাদের ছেড়ে চলে গিয়েছে। যখন থেকে শুনেছি তখন থেকেই ভীষণ খারাপ লাগছে। আমি কি বলব বুঝতেই পারছি না।’

রুপা গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘এক বছর আগে সম্ভবত ওর সঙ্গে কথা হয়েছিল। উনি কখনও ওঁর অসুস্থতা সম্পর্কে আমাকে কিছুই বলেননি। পুরনো দিনের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, মহাভারতের সেটে তিনি ছিলেন দ্বিতীয় সুদর্শনতম পুরুষ। নীতীশ ভরদ্বাজ (শ্রীকৃষ্ণের চরিত্রের অভিনেতা)-এর পরেই ছিল পঙ্কজ। ’

অভিনেত্রী আরও বলেন, ‘পঙ্কজ ভীষণ নরম স্বভাবের মানুষ ছিলেন। দুর্যোধনের চরিত্রে অভিনয় করতেন পুনীত, ফিরোজ অভিনয় করতেন অর্জুনের চরিত্রে ওরা সবাই প্রাণ খুলে কথা বলতেন কিন্তু পঙ্কজ সব সময় চুপচাপ থাকতেন। চিরকালই নিজেকে সংযত করে রাখতেই ভালোবাসতেন উনি।’

পঙ্কজের সঙ্গে শেষ কবে দেখা হয়েছে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘অনেক বছর আগে আমি একবার মুম্বইয়ে গিয়েছিলাম। সেখানে ওঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। পরেও একবার গিয়েছিলাম কিন্তু তখন আর দেখা হয়নি। মাঝেমধ্যে মেসেজে কথা হত।’

প্রসঙ্গত, ‘মহাভারত’ ছাড়াও ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ‘চন্দ্রকান্তা’ ধারাবাহিকে রাজা শিবদত্তের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ। পঙ্কজের শেষ যাত্রায় সামিল হতে দেখা যায় সলমন খানকে। প্রয়াত অভিনেতার ছেলেকে বুকে টেনে নিতে দেখা যায় তাঁকে।

এছাড়াও পঙ্কজের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন টিভি তারকা কুশল ট্যান্ডন। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে শোকবার্তা জানাতে দেখা যায় বলিউডের একাধিক তারকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *