‘আমাকে স্যার বলবেন না, আমি আপনার ভাই।’ ভোটমুখী বিহারে বিজেপির বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে আলাপচারিতায় স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচির মাধ্যমে বুথস্তরের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছে বিজেপি। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার খোদ প্রধানমন্ত্রী মোদী বিহারের বুথস্তরের কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন।
নমো অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ১৪ নভেম্বর যখন বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, বিহার এনডিএ-র বিজয় উদযাপনের মাধ্যমে আরেকটি দীপাবলি উদযাপন করবে এবং মহিলারা এটি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর কথায় বলেন, ‘এবার বিহারে দীপাবলির আনন্দ দ্বিগুন হতে চলেছে। প্রথমে, জিএসটির জন্য মানুষ নবরাত্রির প্রথম দিন দীপাবলি উদযাপন করেছিল। আগামী ২০ অক্টোবর আমরা ফের দীপাবলি উদযাপন করবো। কিন্তু বিহার ১৪ নভেম্বর এনডিএ-র বিজয় উদযাপনের মেজাজে রয়েছে। আর এখানে মুখ্য ভূমিকা পালন করবে বিহারের বোন ও মেয়েরা।’ তিনি আরও বলেন, ‘নারীশক্তি আমার সবচেয়ে বড় শক্তি, ঢাল এবং অনুপ্রেরণা। বিহারের বোন এবং মায়েদের গণতন্ত্রের উৎসব উদযাপনের জন্য গান গেয়ে, থালি বাজিয়ে দলবদ্ধভাবে ভোট দিতে যাওয়া উচিত।’
বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভোজপুরি ভাষায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘প্রতিটি বুথ শক্তিশালী হলে দল জয়ী হয়। বিহারের বুথ কর্মীদের তাদের এলাকার প্রত্যেক পরিবারকে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জানাতে হবে।’ প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, বিহারের বর্তমান যুবসমাজ ‘জঙ্গলরাজের’ সময় কী ঘটেছিল সে সম্পর্কে জানে না। তাদেরকে অবশ্যই সেই সম্পর্কে সচেতন করতে হবে। আরজেডি-কে নিশানা করে তিনি বলেন, ‘বিজেপি কর্মীদের উচিত ‘জঙ্গলরাজ’-এর নৃশংসতার উপর তৈরি প্রদর্শনীতে রাজ্যের যুবকদের নিয়ে যাওয়া।যারা নকশালদের মদত দিতে পারে তাদের ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসার ঝুঁকি নেওয়া উচিত নয়। বিহারের জনগণের ভোটের শক্তিই রাজ্যকে আরজেডি এবং কংগ্রেসের কুদৃষ্টি থেকে রক্ষা করেছে এবং করবে।’

এদিকে, বুধবারই বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় আরও ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত ১০১-এর মধ্যে ৮৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার ৭১ জনের নামের প্রথম তালিকায় উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা, পাশাপাশি রাম কৃপাল যাদব, তারকিশোর প্রসাদ এবং মঙ্গল পান্ডের মতো সিনিয়র নেতারা রয়েছেন। অন্যদিকে, এনডিএ জোট ইতিমধ্যেই আসন ভাগাভাগির চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেছে। বিজেপি ও জেডিইউ উভয়েই ১০১টি করে আসনে লড়বে। এছাড়া লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পাবে ২৯টি আসন এবং রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন আগামী ৬ ও ১১ নভেম্বর দু’দফায় অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে ১৪ নভেম্বর।