মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের ৬ মাসের কারাদণ্ড

Spread the love

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কাপিত ম্যাজিস্ট্রেট আদালত এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে সহকর্মীকে মারধর ও হত্যার হুমকি দেয়ার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) আদালত সূত্রে জানা যায়, ৩১ বছর বয়সি বাংলাদেশি শ্রমিক জামান গত ২৪ মে কাপিত এলাকার একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের ক্যাম্পে এক স্বদেশি সহকর্মীর ওপর হামলা চালান এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে আদালতে ম্যাজিস্ট্রেট রোমারিও জোনইয়ের সামনে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।

 

আদালত দুটি পৃথক অপরাধে তাকে তিন মাস করে মোট ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪ মে রাত প্রায় ৯টা ১২ মিনিটে প্রকল্পের ক্যাম্প সাইটে অভিযুক্ত জামান ও তার সহকর্মীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জামান ভুক্তভোগীর ডান চোখে ঘুষি মারেন, এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে তিনি প্রকাশ্যে ওই শ্রমিককে হত্যার হুমকি দেন, যা ঘটনাস্থলে উপস্থিত আরেক শ্রমিক শুনতে পান।

তদন্তে জানা গেছে, কাজে অনিয়ম ও মদ্যপানকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, জামান নিয়মিত মদ্যপান করতেন এবং কাজে অবহেলা করতেন। এ নিয়ে সহকর্মী তাকে সতর্ক ও তিরস্কার করলে তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান।
 
মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে প্রসিকিউটিং অফিসার এএসপি চ্যাং কোক সিয়ং শুনানি পরিচালনা করেন। তবে শুনানির সময় অভিযুক্ত জামানের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *