গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবলার মেসিকে দেখতে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। কিন্তু চূড়ান্ত অব্যবস্থা থাকার কারণে মেসিকে এক সেকেন্ডের জন্য দেখতে পাননি কেউ। খুব স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ দর্শকরা, মাঠে শুরু করে দেয় ভাঙচুর। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এই গোটা ঘটনায় বারবার উঠে আসে টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম।
মেসির সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চূড়ান্ত ট্রলের সম্মুখীন হন অভিনেত্রী। শুধু তাই নয়, অভিনেত্রীকে উদ্দেশ্য করে করা হয় একের পর এক কটাক্ষ। ছেলেমেয়েদের খুন করার হুমকিও দেওয়া হয় তাঁকে। এই গোটা ঘটনায় শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী থানায় অভিযোগ দায়ের করেন।
যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনাটি ঘটে তার কিছু সময় পর শুভশ্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি বারবার বলেন, তিনি হায়াতে মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তারপর তাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আমন্ত্রণ করা হয়। এরপর যা ঘটেছে তাতে তাঁর কোনও হাত নেই। তিনি আর বাকিদের মতোই মেসিকে দেখবেন বলে গিয়েছিলেন কিন্তু সেটা আর হয়নি।
এবার শুভশ্রীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে শুভশ্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে রচনা বলেন, ‘শুভশ্রী তো এমনি এমনি লাফাতে লাফাতে ওখানে চলে যায়নি। ওকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর যদি এই পরিস্থিতি না হত তাহলে কেউ শুভশ্রীকে দায়ী করতে পারত না। তাই এই সমস্ত কথা বলে লাভ নেই। দোষ শুধুমাত্র আয়োজকদের আর কারও নয়।’রচনা আরও বলেন, ‘আজ শুভশ্রীকে বলির পাঁঠা করা হচ্ছে। কিন্তু আপনারাই বলুন তো ওর এখানে কি দোষ? ও একজন শিল্পী মানুষ ওকে ডাকা হয়েছে তাই ও গিয়েছে। ওর জায়গায় যদি অন্য কাউকে ডাকা হত, তিনিও যেতেন। আমরা শিল্পী মানুষ আমাদের আমন্ত্রণ করলে আমরা অবশ্যই যাব এতে দোষের কিছু নেই।’

প্রসঙ্গত, দেশে ফিরে গিয়ে ভারত সফরের একটি ছোট্ট ভিডিও পোস্ট করতে দেখা যায় মেসিকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের কোনও ফুটেজ সেখানে না থাকলেও মেসির মূর্তির একটি ছোট্ট দৃশ্য রাখা হয়েছে ভিডিয়োয়। তবে কলকাতায় যে ঘটনাটি ঘটেছে সেটা যে একেবারেই অভিপ্রেত নয় তা সকলে বারবার এক কথায় স্বীকার করে নিচ্ছেন।