যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ ‘অনিবার্য’: ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা

Spread the love

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়া অনিবার্য। এমন মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২ জুন) ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সম্পূর্ণ আত্মসমর্পণ দাবি করছে, কিন্তু ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না।’ তিনি আরও বলেন, ‘আত্মসমর্পণ না করলে যুদ্ধ অনিবার্য।’

 

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে এর গুরুতর পরিণতি ইসরাইল এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীকে ভোগ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেবাননের বিরুদ্ধে হামলা পুরোপুরি বন্ধ না হলে জায়নিস্ট শাসনব্যবস্থা এবং অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর জন্য এর পরিণতি হবে অত্যন্ত কঠিন।’ তিনি আরও বলেন, ‘তারা ভালোভাবেই জানে এটি কোনো ফাঁকা হুমকি নয়। আমরা সামরিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত।’

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইল ও হিজবুল্লাহ উভয় পক্ষই যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেওয়ার পরও লেবাননে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননজুড়ে এই হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন।
 
ট্রাম্প গত সোমবার (১ জুন) বলেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বলেছেন। এছাড়া তিনি হিজবুল্লাহর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলেও দাবি করেন। জানান, তারা ‘গুলি বন্ধ করতে সম্মত হয়েছে’। এরপরও হামলা অব্যাহত রয়েছে।
  

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবে এখনো চূড়ান্ত জবাব দেয়নি ইরান

 

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে তাদের চূড়ান্ত অবস্থান জানায়নি বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।
 
সংস্থাটির এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি অবহিত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তেহরান এখনো চুক্তির চূড়ান্ত খসড়া পর্যালোচনা করছে এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হয়নি।
 
সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র অতীতে বহুবার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে ইরানের ধারণা। এ কারণে আলোচনায় তেহরান সতর্ক অবস্থান নিয়েছে এবং দীর্ঘদিনের অবিশ্বাস এখনো আলোচনার ওপর প্রভাব ফেলছে।
 
প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য যেকোনো চুক্তি থেকে ‘বাস্তব ও দৃশ্যমান সুবিধা’ নিশ্চিত করতে চায় ইরান। ফলে যুদ্ধবিরতির কাঠামো চূড়ান্ত করার প্রচেষ্টা চললেও আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *