রণবীর কাপুরের ‘রামায়ণ’ বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি। এর মধ্যেই ছবিটির ট্রেলার থেকে নেওয়া বলে দাবি করা একটি ভিডিয়ো অনলাইনে ফাঁস হয়েছে। ভাইরাল হওয়া ক্লিপে রণবীরকে ভগবান রামের রূপে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে দেখা যায়। একাধিক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীর দাবি, সম্প্রতি সিনেমাকন (CinemaCon)-এ প্রদর্শিত ট্রেলারেরই অংশ এটি।
ভিডিও ফাঁস ঘিরে ভক্তদের ক্ষোভ
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনুরাগীরা। তাঁদের অভিযোগ, এত বড় বাজেটের ছবির গুরুত্বপূর্ণ ফুটেজ কীভাবে ফাঁস হল, তার তদন্ত হওয়া উচিত। অনেকেই দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে ছবির পরিচালক নীতেশ তিওয়ারি বা নির্মাতা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই কথিত ভিডিও ফাঁস নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
সঙ্গে আরেকাংশ আবার ফাঁস হওয়া ভিডিয়োর ভিএফএক্সের মান নিয়ে হতাশা প্রকাশ করেন। তাঁদের মতে, ছবির ভিজ্যুয়াল এফেক্ট আরও উন্নত হওয়া উচিত ছিল। যদিও তা ঘিরেও নতুন তত্ত্ব ছড়িয়েছে সোশ্যালে।
সম্প্রতি ‘রামায়ণ’ ছবির নির্মাতারা ‘ক্রিয়েটরস ডে’-র আয়োজন করেন। সেই অনুষ্ঠানে একাধিক কনটেন্ট ক্রিয়েটরকে ছবির সেট ঘুরিয়ে দেখানো হয়। পাশাপাশি পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং ছবির তারকা রণবীর কাপুর ও যশের সঙ্গে তাঁদের সাক্ষাৎও করানো হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব পরীক্ষিত। পরে তিনি ইনস্টাগ্রামে সেট থেকে তোলা একাধিক ছবি ও নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

দুর্বল ভিএফএক্স ইচ্ছাকৃত, দাবি ধ্রুবর
ধ্রুবর একটি ভিডিয়োর কমেন্ট সেকশনে এক নেটিজেন ‘রামায়ণ’-এর VFX নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে ধ্রুব লেখেন, টিজারে দেখানো ভিএফএক্স তখনও সম্পূর্ণ প্রস্তুত ছিল না। তবে সেটে তিনি যে দৃশ্যগুলি দেখেছেন, তা তাঁর মতে ‘অ্যাভাটার’-এর মানের।
তিনি আরও দাবি করেন, ছবির এক ভিএফএক্স শিল্পীর সঙ্গেও তাঁর কথা হয়েছিল। সেই শিল্পী নাকি তাঁকে জানান, নির্মাতাদের কাছে আরও উন্নত সংস্করণ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অপেক্ষাকৃত দুর্বল ভিএফএক্স-সহ টিজার প্রকাশ করা হয়েছিল, যাতে তা নিয়ে সমালোচনা ও আলোচনা শুরু হয় এবং ছবিটি বিনামূল্যে প্রচার পায়।