শুক্রবার একজন উচ্চপদস্থ রাশিয়ান সামরিক কর্মকর্তাকে গুলি করার অভিযোগে একজনকে আটক করে হেফাজতে নেয়া হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস রোববার এফএসবির’র বরাত দিয়ে জানায়, সন্দেহভাজন রাশিয়ান নাগরিক লুবোমির কোরবাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার করে প্রত্যর্পণ করা হয়েছে।
যেখানে তিনি হামলার কয়েক ঘন্টা পরে পালিয়ে গিয়েছিলেন।
কোরবার বিরুদ্ধে রাশিয়ার ডেপুটি মিলিটারি ইন্টেলিজেন্স প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেকসেয়েভকে গুলি করার অভিযোগ রয়েছে।
আলেকসেয়েভের মস্কোর অ্যাপার্টমেন্ট ভবনের সিঁড়িতে অতর্কিত হামলা ও গুলি করেন কোবরা। যার ফলে তার বাহু, পা এবং বুকে ক্ষত হয়েছে। রাশিয়ান মিডিয়া অনুসারে, আলেকসেয়েভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রাথমিক গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফএসবি অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের অংশীদারদের সহায়তায় কোরবাকে দুবাইতে আটক করা হয়েছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে আটকে রাখতে সহায়তার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে, এফএসবি আরও জানিয়েছে, এ ঘটনায় আরেকজন অভিযুক্ত, যিনি একজন নারী, ইউক্রেনে প্রবেশ করেছেন। তাস আরও জানায় হামলার সংগঠকদের ধরতে সন্ধান চলছে।