ভারতের ওপর শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভুল খেলা দিয়েছেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট।শুক্রবার (১৭ অক্টোবর) এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে দেয়া বক্তব্যে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক। তবে আমার মনে হয় সম্প্রতি তিনি ভারতের সাথে ভুল খেলা দিয়েছেন। কারণ তিনি শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে একই কাজ করে চীনও কিন্তু কোনো শাস্তি পায়নি।
নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়েও কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, শীতল যুদ্ধের সময় ভারতের বিপরীতে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া ছিল যুক্তরাষ্ট্র একটি বড় ভুল। তবে গত ২০ বছর ধরে মার্কিনিরা ‘খুবই বিচক্ষণতার সাথে এটি কাটিয়ে উঠার চেষ্টা করছে’।
তিনি বলেন, আমি মনে করি ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক একটি বড় ধাক্কা। গণতন্ত্রের সঙ্গে ভারতের যে মৌলিক স্বার্থ ও মূল্যবোধ রয়েছে, তা বিবেচনা নিলে আমি মনে করি এটি একটি সাময়িক ধাক্কা, আশা করি এটি খুব দ্রুত কেটে যাবে।
পাকিস্তানের শেহবাজ শরিফ সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান সম্পর্কের সমালোচনা করে অ্যাবট বলেন, ‘পাকিস্তানের তুলনায় ভারতের সাথে দৃঢ় বন্ধুত্বে আমেরিকার মৌলিক স্বার্থ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার সাথে এত ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে যে তারা (ওসামা) বিন লাদেনকে এক দশকের বেশিরভাগ সময় ধরে তাকে থাকতে দিয়েছে। পাকিস্তানেও ভালো মানুষ আছে, কিন্তু দেশটিতে এখনও একটি শক্তিশালী ইসলামপন্থি ধারার সামরিক সমাজের নেতৃত্ব রয়েছে। অপরদিকে ভারত সম্পূর্ণ ভিন্ন। আমি বলছি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের সাথে কাজ করা উচিত নয়। তবে তাদের জানা দরকার যে তাদের আরও ভালো বন্ধু কোথায় আছে।’