সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলো রাশিয়া

Spread the love

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধ ঘিরে ৩২ ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে সংঘাত। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও, রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেয়ার ইঙ্গিত মিলেছে।

রাশিয়া ইউক্রেনের চলমান সংঘাত্রে অবশেষে নতুন মোড়। ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে ৩২ ঘণ্টা। শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও, সতর্কতার সুরও স্পষ্ট।

মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন এখনো সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে। কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাধ্যমেই। 

যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় ৮০০ মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে।

মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনো অস্থিতিশীল। তাই এই বিরতি কতটা টিকবে, তা নিয়েই মূল প্রশ্ন।

আন্তর্জাতিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষ শান্তি আলোচনায় চেষ্টা চালালেও অগ্রগতি খুবই সীমিত। কিয়েভ স্থায়ী ও পূর্ণ যুদ্ধবিরতির দাবি তুলছে, আর মস্কো চায় বিস্তৃত রাজনৈতিক সমাধান আগে। এই অবস্থানগত পার্থক্যই যুদ্ধ থামার প্রধান বাধা হয়ে আছে।

ইস্টারের এই ৩২ ঘণ্টা তাই শান্তির ইঙ্গিতের চেয়ে বেশি ‘পরীক্ষামূলক বিরতি’ হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *