Soham Chakraborty: মঙ্গলবার রাতে প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা সোহম চক্রবর্তী। পুরনো একটি ঘটনার ভিত্তিতে সোহমকে এই হুমকি দেন এক প্রযোজক। ওই প্রযোজকের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
ঠিক কী ঘটেছে সোহমের সঙ্গে?
সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোহম বলেন, ‘মঙ্গলবার অর্থাৎ ১৯ মে রাতে তাঁর কাছে একটি ফোন আসে, যেখানে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফোনটি করেন প্রযোজক তরুণ দাস, যার সঙ্গে ২০১৮ সালের একটি বাংলা ছবিতে কাজ করার কথা ছিল সোহমের।সোহম জানান, মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি ছবিতে কাজ করার কথা ছিল সোহমের। নিয়ম অনুযায়ী ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয় অভিনেতাকে। কিন্তু কিছুদিন পর পরিচালক সোহমকে জানিয়েছিলেন, প্রযোজকের ব্যবহার একেবারেই ভালো নয় তাই তিনি ছবি থেকে বেরিয়ে যাচ্ছেন। এরপর ৮ বছর পেরিয়ে গেলেও সেই ছবি তৈরি হয়নি।
সোহমের কথায়, খুব সম্প্রতি প্রযোজক সোহমকে দেওয়া ওই অগ্রিম ১৫ লক্ষ টাকা ফেরত চান। কিন্তু নিয়ম অনুযায়ী অগ্রিম টাকা কোনওভাবেই ফেরত দেওয়া যায় না, যদি না অভিনেতা বা অভিনেত্রী সেই ছবি ছেড়ে বেরিয়ে যান। কিন্তু এক্ষেত্রে সেটা একেবারেই হয়নি।
যদিও প্রযোজক তরুণ দাসের দাবি অনুযায়ী, সোহমের থেকে বারবার ডেট চাওয়া হলেও তিনি ডেট দিতে পারেননি তাই ছবি তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু প্রযোজকের এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে সোহম জানান, তিনি এতটাও ব্যস্ত ছিলেন না যে ডেট দিতে পারতেন না। প্রযোজক যে অভিযোগ করছেন সেটা একেবারেই ভিত্তিহীন।

অভিনেতা জানান, টাকা দিতে রাজি না হওয়ায় খুব সম্প্রতি তিনি অফিসে হানা দেন। কিন্তু সোহম স্পষ্ট জানিয়ে দেন যে তিনি টাকা ফেরত দেবেন না। এর পরেই মঙ্গলবার প্রযোজক তরুণ দাস সোহমকে ফোন করে গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকিও দেন। এই সব অভিযোগের ভিত্তিতেই এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সোহম।