ভারতের সঙ্গে যুদ্ধের জন্যেও বাংলাদেশ প্রস্তুত বলে দাবি বাংলাদেশের এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির। সাম্প্রতিক সময়ে ভারতর সঙ্গে বাংলাদেশের উত্তর সীমান্ত লাগোয়া অঞ্চলের সফরে গিয়ে তিনি একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। এই আবহে তিনি দাবি করেন, তিস্তার জল না পেলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধ হবে। উল্লেখ্য, তিস্তা প্রকল্প নিয়ে ইউনুস আমলেই তৎপর হয়েছিল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিস্তা প্রকল্প নিয়ে বেজিংয়ের দ্বারস্থ হয় ঢাকা। এবার তারেক আমলেও চিনের সঙ্গে এই নিয়ে বাংলাদেশ চুক্তি করতে এগোচ্ছে বলে জানা যাচ্ছে। এই আবহে নাসিরউদ্দিন পাটোয়ারির এই উস্কানি ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন করে চিড় ধরাতে পারে।
এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছিলেন, বাংলাদেশিরা গরু চুরি করে, সেটা তাঁর বিশ্বাস হয় না। তিনি আরও বলেন, ভারতীয়দের থেকে বাংলাদেশিদের জীবনযাত্রা উন্নত। তাই ভারতীয়রাই নাকি বাংলাদেশে পাচার করে পোশাক, মাদক, গরু। এদিকে ভারত থেকে যাতে মাদক পাচার হয়ে বাংলাদেশে না ঢোকে, তার জন্য গ্রামবাসীদের ‘সতর্ক’ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সীমান্ত সুরক্ষা নিয়ে বাংলাদেশের বিএনপি সরকারকে তিনি তোপ দাগেন। বলেন দলের নামে ‘জাতীয়বাদ’ থাকলেও, তা তাদের কাজে নাকি প্রতিফলিত হয় না। তিনি আবার এমনও মন্তব্য করেছেন, বাংলদেশিদের ঘাস খেয়ে হলেও অস্ত্র কিনতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশের বুকে চিনের এই তিস্তা প্রকল্পে অংশগ্রহণ ভারতের জন্য নিরাপত্তার দিক থেকে বেশ উদ্বেগের। কারণ, এই তিস্তার কাছেই রয়েছে চিকেনস নেক। যা দেশের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলিকে জুড়ে দেয়। আর অরুণাচল নিয়ে বহুদিন ধরেই বেজিং নিজের মতো করে দাবি দাওয়া পেশ করে চলেছে। যে সমস্ত দাবি দাওয়া ভারত খুব একটা ভালোভাবে নেয়নি। বিশেষত লাদাখে ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত-চিন সম্পর্কের মাঝে প্রতিরক্ষা একটি বড় ইস্যু হয়ে গিয়েছে।
