প্রজাপতি ২-এর মুক্তি ঘিরে উন্মাদনা তুঙ্গে। সিঙ্গল ফাদারের ভূমিকায় দেবকে দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। দেবের জন্মদিনে মুক্তি পাবে এই ছবি। তার আগেই বড় চমক অভিনেতার। টলিপাড়ায় জোর গুঞ্জন ২০২৬-এর স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন দেব।
দেব আগেও বহুবার জীবনীচিত্রে অভিনয় করেছেন। কখনও বিপ্লবী বাঘাযতীন, কখনও ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। তবে এবার কোনও ঐতিহাসিক চরিত্র নয় আজকের দিনের রক্ত মাংসের এক চরিত্রকে পর্দায় তুলে ধরবেন দেব।
‘অ্যাম্বুল্যান্স দাদা’ বা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র আসল নাম করিমূল হক। জলপাইগুড়ির ছেলে করিমূল নিজের বাইককে বদলে ফেলেছেন আস্ত একটা অ্য়াম্বুল্যান্সে। প্রত্যন্ত গ্রামের রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়াই তাঁর জীবনের একমাত্র ধ্য়ানজ্ঞান। হাজারো মানুষের জীবন বাঁচিয়েছেন করিমূল। তাঁর এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার করিমূলকে পদ্মশ্রী সম্মান দেয়। শোনা যায়, করিমূলের মা সময়মতো অ্য়াম্বুল্য়ান্স না পেয়ে মারা যান। ছেলেবেলার সেই ব্যাথা বছরের পর বছর বুকে চেপে রেখেছিলেন করিমূল। এখন তাঁর বাইকই অ্য়াম্বুল্যান্স।
নিজের আসন্ন এই প্রোজেক্ট নিয়ে এখনও কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি দেননি দেব। ২৫শে ডিসেম্বর শুধু বড়দিন নয়, দেব ভক্তদের জন্য় ক্যালেন্ডারের পাতার সেরা দিন। কারণ এদিন তাঁদের প্রিয় তারকার জন্মদিন। নায়কের জন্মদিনে এই ছবির ঘোষণা হলেও হতে পারে! এখন প্রশ্ন হল, এই ছবিতে দেবের নায়িকা কে হবেন?

ট্রেন্ড মেনেই ছোটপর্দার এক নায়িকাকেই বড় ব্রেক দিতে চলেছেন দেব। গত কয়েক বছরে সৌমিতৃষা কুণ্ডু, শ্বেতা ভট্টাচার্য, ইধিকা পালের মতো জি বাংলার নায়িকারা দেবের ছবিতে হিরোইন হয়েছেন। প্রজাপতি ২-তে ইধিকার পাশাপাশি দেখা মিলছে জলসা কন্যা জ্যোতির্ময়ী কুণ্ডুর।‘অ্যাম্বুল্যান্স দাদা’র বায়োপিকে দেবের নায়িকা হবেন ছোটপর্দার জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক। সদ্য শেষ হয়েছে জি বাংলার টিআরপি তালিকা কাঁপানো এই মেগা। অঙ্কিতার সিরিয়াল শেষ হওয়ার আগেই তাঁর রুপোলি পর্দায় ডেবিউয়ের কথা সকলে জানে। মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে অভিনয় করবেন অঙ্কিতা। যা প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার। এর মাঝেই রুপোলি পর্দায় দেবের সঙ্গে রোম্য়ান্সের সোনালি হাতছানি। দেব-অঙ্কিতা জুটিকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড?