স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বেলাগাম মন্তব্য! কল্যাণের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ BJP

Spread the love

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য বিজেপি নেতৃত্বের উদ্দেশে উসকানিমূলক, অবমাননাকর, বিদ্বেষমূলক ও প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এই সব মন্তব্য করে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি, বারংবার এই ধরনের মন্তব্য করে বিজেপির সুনাম নষ্ট করা হচ্ছে।

একটি ভিডিও সেন্সর করার দাবি জানিয়েছে বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সম্প্রতি প্রচারে বেরিয়ে সাংবাদিকদের সামনে কিছু প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতাদের উদ্দেশে বেলাগাম মন্তব্য করেন তৃণমূল সাংসদ। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি খতম করে দেব।’ এই কথার রেশ টেনেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম কিছু শব্দবন্ধ ব্যবহার করেন, সেটা রাজনৈতিক পরিভাষায় কুরুচিকর। এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। রবিবার নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছে বিজেপি। সেখানে এক্স হ্যান্ডেলের লিঙ্কও ‘এমবেড’ করা হয়েছে। যে লিঙ্কে ক্লিক করলে কল্যাণের বিতর্কিত মন্তব্যের ফুটেজ দেখা যাচ্ছে।

নির্বাচন কমিশনে লেখা চিঠিতে বিজেপি আর্জি জানিয়েছে, কল্যাণ-সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব যাতে ভবিষ্যতে এই ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন তার জন্য তাঁদের সতর্ক করা হোক। পাশাপাশি প্রয়োজনীয় আইন অনুযায়ী কল্যাণের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে। বিজেপি আরও লিখেছে, ‘এটা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তৃণমূলের একজন সাংসদের মুখের ভাষা। এটা তৃণমূলের সংস্কৃতিকেই তুলে ধরছে।’ গেরুয়া শিবির জানিয়েছে, তৃণমূল নেতৃত্ব এভাবেই উসকানিমূলক মন্তব্য করে থাকেন। বার বার বিজেপির বিরুদ্ধে এই ধরনের অপমানজনক মন্তব্য করা হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্ররোচনামূলক ও অপমানজনক মন্তব্য করে ভয়, মেরুকরণ ও ঘৃণার পরিবেশ তৈরি করা হয়েছে। বিজেপির সুনাম নষ্ট করার লক্ষ্যেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ। সেই কারণে তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। কল্যাণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানান বিজেপি নেতা শিশির বাজোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *