হিজবুল্লাহর হামলায় লেবাননে ২ ইসরাইলি সেনা নিহত

Spread the love

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরাইলের দুই সেনা সদস্য নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার (৮ মার্চ) স্থানীয় সময় ভোরে এ হতাহতের ঘটনা ঘটে।টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, নিহতদের একজন সার্জেন্ট মাহের খাতার (৩৮)। তিনি ৯১তম ‘গ্যালিলি’ আঞ্চলিক ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন। দ্বিতীয় নিহত সেনা সদস্যের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে দক্ষিণ লেবাননে একটি ইসরাইলি সেনা পোস্টের কাছে, যেটি ইসরাইলের সীমান্তবর্তী মানারা এলাকার ঠিক বিপরীতে অবস্থিত।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অভিযান চলাকালে একটি সাঁজোয়া যান (এপিসি) আটকে পড়ে। উদ্ধারের জন্য আইডিএফ আরেকটি পুমা এপিসি এবং দুটি ডি–৯ সাঁজোয়া বুলডোজার পাঠায়।

এরপর একটি ডি–৯ বুলডোজার একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়—যা সম্ভবত অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র বা মর্টার ছিল। এতে আগুন ধরে যায় এবং দুই সেনা নিহত হন বলে আইডিএফের তদন্তে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় একজন অফিসার সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গত ২ মার্চ ইসরাইলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে লেবাননে স্থল অভিযানসহ ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ৮৩ শিশুসহ কমপক্ষে ৩৯৪ জন নিহত ও ১ হাজার ১৩০ জন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *