‘২.৪০ কোটি নাম বাদ যাবে, ভারতীয় মুসলমানরা নিশ্চিন্তে থাকুন’ 

Spread the love

এসআইআর তথা বিশেষ সংশোধিত ভোটার তালিকা পর্যালোচনার আবহে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য। এতদিন পর্যন্ত তিনি দাবি করছিলেন, অন্তত ১ কোটি নাম বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে। কিন্তু এবার সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি করে তিনি জানিয়ে দিলেন, ২ কোটি ৪০ লক্ষ নাম লিঙ্ক হয়নি, এরা ভারতীয় নয়। এসআইআর হলে এদের সবাই বাদ যাবে।

পূড়শুড়ায় বিজেপির জেলা সাংগঠনিক কমিটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, এরা কেউ ভারতীয় সংখ্যালঘু নন, এরা অনুপ্রবেশকারী। ভারতীয় মুসলমানদের কোনও ভয় নেই। কাগজ দেখালে থাকবেন। ভয় করবে যারা অবৈধভাবে ঢুকেছে। তাঁর দাবি, এসআইআর হচ্ছে আসন্ন নির্বাচনের সেমিফাইনাল, আর সেখানে প্রকৃত ভোটার ও অনুপ্রবেশকারীদের মধ্যে ফয়সালা হবে।

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ টিম ইতিমধ্যেই পরিদর্শনে এসেছে। কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রশাসনের সঙ্গে বৈঠকে এসআইআর নিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শুভেন্দুর এই নতুন পরিসংখ্যান এক নতুন ধাক্কা।

এর আগে তিনি দাবি করেছিলেন, গত ১০-১২ বছরে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশে অন্তত ১ কোটি নাম বাদ যাওয়া উচিত। সেই মন্তব্য নিয়ে তৃণমূল প্রশ্ন তুলেছিল, এসআইআর শুরু হওয়ার আগেই তিনি কীভাবে এমন তথ্য জানেন। এবার সেই সংখ্যা আরও বাড়িয়ে তিনি বললেন, ২ কোটি ৪০ লক্ষ লিঙ্ক হয়নি। সর্বত্র অনুপ্রবেশকারী ছড়িয়ে আছে। মানচিত্রটাই বদলে দিয়েছে। তৃণমূল অবশ্য পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি ২ কোটি ভোট কম পেয়েছে, তাই ওই ভোটারদেরই বাদ দিতে চাইছে। আগে নিজেদের অস্তিত্ব বাঁচাক। কখনও বলে ১ কোটি, কখনও ১ কোটি ২০ লক্ষ, এখন ২ কোটি ২৫ কিংবা ৪০ লক্ষ! এটা কি সুস্থ রাজনীতির ভাষা? শাসক শিবিরের অভিযোগ, ভয় দেখিয়ে বিভাজনের রাজনীতি চালাচ্ছেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *