৩০ বছর ধরে US-এ বাস! সেই ভারতীয় মহিলাকে আটক করল অভিবাসন দফতর

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় তিন দশক ধরে বসবাস করা ৬০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত এক মহিলাকে গ্রিন কার্ড সাক্ষাৎকারের শেষ ধাপে গিয়ে আটক করেছে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ। ওই মহিলার নাম বাবলজিৎ ওরফে বাবলি কৌর। তিনি ১৯৯৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাবলি কৌর তাঁর গ্রিন কার্ড আবেদনের অংশ হিসেবে বায়োমেট্রিক স্ক্যানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দফতরে গিয়েছিলেন। গত ১ ডিসেম্বর সেখানে সাক্ষাৎকার চলাকালেই ফেডারেল এজেন্টরা তাঁকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জ্যোতি।

লং বিচের স্থানীয় ওয়াচডগ জানিয়েছে, বাবলি কৌরের এক মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও তার মাধ্যমে তিনি গ্রিন কার্ডের আবেদন করেছিলেন, যা এরই মধ্যে অনুমোদিত। তার স্বামীও গ্রিন কার্ডধারী। জ্যোতি জানান, ১ ডিসেম্বর আইসিই অফিসের ফ্রন্ট ডেস্কে ছিলেন তাঁর মা। এ সময় একাধিক ফেডারেল এজেন্ট অফিসে প্রবেশ করেন। পরে বাবলি কৌরকে একটি ঘরে ডাকা হয়, যেখানে এজেন্টরা উপস্থিত ছিলেন। সেখানেই বাবলিকে জানানো হয় যে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। আটকের পর বাবলি কৌরকে তার আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হলেও, তাঁকে মুক্তি দেওয়া হয়নি। কয়েক ঘণ্টা পর্যন্ত পরিবার জানতেই পারেনি তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। পরে তারা জানতে পারেন, বাবলিকে রাতারাতি অ্যাডেলান্টোতে স্থানান্তর করা হয়েছে। এটি আগে একটি ফেডারেল কারাগার ছিল, বর্তমানে আইসিইর ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানেই তিনি আটক রয়েছেন।

বাবলি কৌরের পরিবার ও জীবন

পরিবার-সহ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসার পর প্রথমে তারা ল্যাগুনা বিচে বসবাস শুরু করেন। পরে কাজের প্রয়োজনে ক্যালিফোর্নিয়ার লং বিচ শহরের বেলমন্ট শোর এলাকায় চলে যান। বাবলি কৌর ও তার স্বামীর তিন সন্তান রয়েছে। ৩৪ বছর বয়সি মেয়ে জ্যোতি ডিএসিএ (ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস) কর্মসূচির আওতায় বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার বড় ছেলে ও মেয়ে দুজনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। দুই দশকেরও বেশি সময় ধরে বাবলি কৌর ও তার স্বামী বেলমন্ট শোরের সেকেন্ড স্ট্রিটে ‘নটরাজ কুইজিন অব ইন্ডিয়া অ্যান্ড নেপাল’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করেছেন, যা স্থানীয় কমিউনিটির একটি প্রিয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এছাড়া তিনি প্রায় ২৫ বছর বেলমন্ট শোরের রাইট এইড ফার্মেসিতে কাজ করেছেন। চলতি বছরের শুরুতে ওই ফার্মেসি চেইনের বাকি শাখাগুলি বন্ধ হয়ে গেলে তিনি সেখানে কাজ শেষ করেন। সম্প্রতি তিনি আবারও ‘রয়্যাল ইন্ডিয়ান কারি হাউস’-এ রেস্তোরাঁর কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

মুক্তির দাবিতে চাপ

বাবলি কৌরের মুক্তির দাবিতে এগিয়ে এসেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া, যিনি লং বিচ এলাকার প্রতিনিধি। তাঁর দফতর জানিয়েছে, বিষয়টি নিয়ে তিনি ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে পরিবার অতিরিক্ত আইনি আবেদন প্রস্তুত করছে, যার মাধ্যমে মামলার প্রক্রিয়া চলাকালে জামিনে বাবলি কৌরের মুক্তি পাওয়া যেতে পারে। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, অ্যাডেলান্টো ডিটেনশন সেন্টারে বাবলি কৌর একটি বড় ডরমিটরি-ধাঁচের ঘরে আটক রয়েছেন, যেখানে আরও বহু বন্দি আছেন। ঘরের আলো সারা রাত জ্বালানো থাকে ও সার্বক্ষণিক শব্দের কারণে ঠিকমতো ঘুমানো কঠিন হয়ে পড়েছে। সীমিত সময়ের মধ্যে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি পেলেও, সংক্ষিপ্ত সাক্ষাতের জন্য অনেক সময় পুরো দিন অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। মেয়ে জ্যোতি বলেন, ‘এটা আমাদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। তাঁকে বের করে আনার জন্য আমরা সবকিছু করার চেষ্টা করছি। তিনি সেখানে থাকার যোগ্য নন। এটি অমানবিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *