প্রায় অগ্রহায়ণ শেষের দোরগোড়ায় বাংলা। কিছুদিন আগেই বেশ কিছুটা ঠান্ডার সম্ভাবনা নিয়ে হাজির হয়েছিল দক্ষিণবঙ্গের শীত। তবে হঠাৎই ডিসেম্বরের মাঝামাঝি শহর কলকাতার শীতের ঠান্ডার মেজাজ একটু কাবু! কিছুদিন আগেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। তবে এবার কলকাতায় সামান্য বেড়েছে তাপমাত্রা। এদিকে, উত্তরবঙ্গে রয়েছে কোন পরিস্থিতি?
আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ মেঘমুক্ত থাকবে। তবে দক্ষিণের একাধিক জেলায় কুয়াশা আচ্ছন্ন থাকবে। ফলত, সেই সব জায়গার জন্য জারি হয়েছে কুয়াশার সতর্কতা। সকালের কলকাতায় বেশ কিছুক্ষণ কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। টানা কয়েকদিন ধরেই কলকাতার পারদ স্বাভাবিকের থেকে নিচে ছিল। সোমবার শহর কলকাতার পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে রয়েছে। অগ্রহায়ণের শেষলগ্নে কি দুই পা পিছিয়ে চার পা এগিয়ে যাবে শীতের তাপমাত্রা? প্রশ্ন থাকছেই! তবে আপাতত সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও, বেলার দিকে তা মিলিয়ে যাচ্ছে রোদের তেজে! ফলত সকালে পড়া গায়ের চাদর খুলে রাখতে হচ্ছে!
এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণের কিছু কিছু জায়গায় তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম! দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। রিপোর্ট বলছে, আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে।

এদিকে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে একাধিক জেলায়। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। এমনই পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং-এ বহুদিনই ১০এর নিচে নেমে গিয়েছে তাপমাত্রা, আপাতত তা ৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে গিয়েছে। উত্তরের উপরের ৫ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১র মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে পূর্বাভাস। উত্তরের নিচের দিকের মালদা সংলগ্ন এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।