দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে ভিসা ব্যবস্থায় নতুন পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর অংশ হিসেবে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার বৈধ ভিসাধারীদের জন্য পুনরায় ভিসা অন-অ্যারাইভাল সুবিধা চালু করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব দেশের নাগরিক এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা ১৪ দিন বা ৬০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল পাওয়ার যোগ্য হবেন।
তবে এ সুবিধা পেতে আবেদনকারীদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশ, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কানাডা কর্তৃক ইস্যুকৃত বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনসম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের নাগরিকরা আমিরাতের পর্যটন সুবিধা, ব্যবসাবান্ধব পরিবেশ, গতিশীল অর্থনীতি এবং উন্নত অবকাঠামোর সুযোগ আরও সহজে উপভোগ করতে পারবেন।
এছাড়া ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, কনস্যুলার সেবা আরও কার্যকর করা এবং ব্যবসা, বিনিয়োগ ও উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক কেন্দ্র হিসেবে আমিরাতের অবস্থান আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৪ দিনের ভিসা একবার নবায়ন বা মেয়াদ বৃদ্ধি করা যাবে। তবে ৬০ দিনের ভিসা শুধুমাত্র একবার প্রবেশ ও অবস্থানের জন্য ইস্যু করা হবে এবং এর মেয়াদ বাড়ানো যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা গুনতে হবে। ১৪ দিনের ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার জন্য দিতে হবে ২৫০ দিরহাম।
