ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সঙ্গে বচসার ঘটনায় অবশেষে থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্ধারিত সময় দুপুর ১২টার পর শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন তিনি। ১২টা ১৭ মিনিট নাগাদ নিজের গাড়িতে একাই থানায় ঢোকেন অভিষেক। তবে তাঁকে ঘিরে থানার বাইরে তখন ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক।
অভিষেক থানায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই শেক্সপিয়র সরণি থানা চত্বরের আশপাশে কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়তে থাকে। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলেও তাতে তাঁদের উৎসাহে কোনও ভাটা পড়েনি। বৃষ্টিতে ভিজেই তাঁরা দলের সাংসদের সমর্থনে স্লোগান দিতে থাকেন। কর্মী-সমর্থকদের একাংশ জানান, অভিষেক যতক্ষণ থানার ভিতরে থাকবেন, তাঁরাও ততক্ষণ থানার বাইরে অবস্থান করবেন।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, ২৭ অগস্ট। ওই দিন বিকেলে কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক ক্যামাক স্ট্রিটে অভিষেকের পার্টি অফিসে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিল গ্যাস কাটার। পুরকর্মীদের দাবি ছিল, পার্টি অফিসের সামনে থাকা বিলবোর্ডটি বেআইনি এবং সেটি খুলে ফেলতে হবে। বিষয়টি জানতে পেরে অভিষেক নিজে বাইরে বেরিয়ে আসেন।

অভিষেক পুরকর্মীদের কাছে বিলবোর্ড খুলে ফেলার নির্দেশের কপি দেখতে চান বলে জানা যায়। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিকেরা সেই নথি দেখাতে পারেননি। এই বিষয়কে কেন্দ্র করে অভিষেক ও পুরকর্মীদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ঘটনাটি নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে তৃণমূল সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়।