Mamata Banerjee Niece Bristi Death। বাড়িতেই মমতা ভাইঝির মৃতদেহ উদ্ধার! SSC দুর্নীতি মামলায় নাম ছিল ‘অযোগ্য’ তালিকায়

Spread the love

Mamata Banerjee Niece Bristi Death: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করা হল। সূত্রের খবর, মাসকয়েক ধরে বীরভূমের রামপুরহাটের কুশুম্বা গ্রামে বাবার বাড়িতে থাকছিলেন বৃষ্টি। কিন্তু মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। সেই পরিস্থিতিতে পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে উদ্ধার করে বৃষ্টির ঝুলন্ত দেহ। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।

অবসাদে ভুগছিলেন বৃষ্টি, দাবি পরিবারের

ঠিক কী কারণে মমতার ভাইঝির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। তবে পরিবারের তরফে দাবি করা হয়েছে, সম্প্রতি অবসাদে ভুগছিলেন মমতার মামাতো ভাই তথা তৃণমূল কংগ্রেস নেতা নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি।

SSC-র ‘অযোগ্য’ তালিকায় ছিল মমতার ভাইঝির নাম

বছরখানেক নিয়োগ দুর্নীতি মামলায় বৃষ্টি চাকরিচ্যুত হয়েছিলেন। ক্লার্ক হিসেবে বোলপুর হাইস্কুলে চাকরি পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে গ্রুপ ‘সি’ পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে বৃষ্টির নাম ছিল।

মেয়ে কোনও বেতন নেননি, দাবি করেছিলেন মমতার মামাতো ভাই

যদিও সেইসময় বৃষ্টির বাবা দাবি করেছিলেন, চাকরিতে যোগ দিলেও কোনও বেতন নেননি মেয়ে। সংবাদমাধ্যম ইটিভি বাংলার প্রতিবেদন অনুযায়ী, মমতার মামাতো ভাই দাবি করেছিলেন যে বৃষ্টি চাকরিতে যোগ দিয়েছিলেন বটে। কিন্তু মাত্র একদিন গিয়েছিলেন। এক টাকাও বেতন নেননি। মেয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃষ্টি নাকি নিজেই বলেছিলেন যে তিনি চাকরি করতে পারবেন না।

 

পরবর্তীতে অবশ্য এসএসসির প্রকাশিত অযোগ্য তালিকায় নাম ছিল বৃষ্টির। তাছাড়াও পরিবারের তরফে দাবি করা হয়েছে, স্বামীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছিল মমতার ভাইঝির। তাঁর এক সন্তানও ছিল।

হেল্পলাইন নম্বর

TELE-MANAS, National Mental Health Helpline – 14416 বা 18008914416

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *