Abhishek Banerjee house raid: আপ্ত-সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এমনই সূত্রের খবর। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর, শালবনিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আপ্ত-সহায়কের বিরুদ্ধে আর্থিক তছরুপের একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই রবিবার (ইংরেজি মতে) রাত তিনটে নাগাদ অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ চলে আসে। কারণ সন্দেহ করা হচ্ছিল যে তৃণমূল সাংসদের বাড়িতেই লুকিয়ে থাকতে পারেন সুমিত। সেই রেশ ধরেই তল্লাশি চালানো হয় অভিষেকের বাড়িতে। সেইসময় তড়িঘড়ি চলে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে সকাল আটটা নাগাদ পুলিশ অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর অভিষেকের বাড়ি থেকে চলে যান মমতাও। তিনি কোনও মন্তব্য করেননি।
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢোকে পুলিশ
পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে তদন্তে সহযোগিতা করা হয়নি। বারবার ডেকেও সাড়া মেলেনি। সেই পরিস্থিতিতে তালা ভেঙে ঢোকা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে। সেখানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা থাকেন পুলিশ আধিকারিকরা। তারপর সকাল আটটা নাগাদ বেরিয়ে যান অভিষেকের বাড়ি ছেড়ে। তবে পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।
একের পর এক মামলায় চাপে অভিষেক
এমনিতে রাজ্যে পালাবদলের পরে (মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে) প্রবল চাপে আছেন অভিষেক। উস্কানিমূলক ভাষণ থেকে বিধানসভার সই জালিয়াতি কাণ্ড- তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্ত চালাচ্ছে সিআইডি। প্রাথমিকভাবে তিনটি সমন এড়িয়ে যাওয়ার পরে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন মেনে সই জালিয়াতি কাণ্ডে বৃহস্পতিবার তাঁকে সিআইডির সামনে হাজিরা দিতে হয়। সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ভবানী ভবনে। ফের ডাকা হয়েছে রবিবার (১৪ জুন)।

পরপর ৩ দিন ৩ মামলায় সমন অভিষেককে
পরদিনই (সোমবার বা ১৫ জুন) আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর মঙ্গলবার (১৬ জুন) সিআইডি তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ ধরিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার তলব করা হয়েছে অভিষেককে।