বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’। এই মহাবিশ্বে প্রথমবার পুরুষ গুপ্তচরদের পাশ কাটিয়ে ফ্রন্টফুটে এলেন দুই নারী স্পাই। মুক্তি পেল আলিয়া ভাট (Alia Bhatt) এবং শর্বরী (Sharvari) অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ছবি ‘আলফা’ (Alpha)। এই স্পাই থ্রিলারটি নিয়ে দর্শকদের মনে উন্মাদনা ছিল তুঙ্গে কিন্তু প্রথম দিন প্রত্যাশা পূরণে অনেকটাই ব্যর্থ এই ছবি।
সমালোচক এবং দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই এই ছবির প্রথম দিনের কালেকশনের খতিয়ান সামনে এসেছে।
প্রথম দিনে কত কোটি আয় করল ‘আলফা’?
বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’ (Sacnilk)-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে রাত ১০টা পর্যন্ত ভারতের বাজারে ‘আলফা’ প্রায় ৮.৮১ কোটি টাকা (নেট) ব্যবসা করেছে। সারা দেশে প্রায় ৭,৫৩৪টি শো-তে মুক্তি পেয়েছে এই ছবি। আলিয়া ভাটের মতো বড় তারকার ফিল্ম হিসেবে এই ওপেনিংকে মোটের ওপর ভালো বলা চলে।
স্পাই ইউনিভার্সের ইতিহাসে সর্বনিম্ন, তবে ‘জিগরা’-কে টেক্কা!
ওয়াইআরএফ (YRF) স্পাই ইউনিভার্সের অন্যান্য ব্লকবাস্টার ছবিগুলোর তুলনায় ‘আলফা’র প্রথম দিনের আয় অনেকটাই কম। এর আগে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ খারাপ রিভিউ পাওয়া সত্ত্বেও প্রথম দিনে ৫২ কোটি টাকার বাম্পার ওপেনিং পেয়েছিল। অন্যদিকে শাহরুখ খানের ‘পাঠান’ ৫৭ কোটি টাকা আয় করে এই ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড ধরে রেখেছে। সেই তুলনায় ‘আলফা’ এই ইউনিভার্সের সবচেয়ে কম খাতার ওপেনিং করল।
তবে আলিয়ার শেষ সিনেমা অর্থাৎ ২০২৪ সালের ‘জিগরা’ (Jigra)-র তুলনায় ‘আলফা’ অনেক ভালো ফল করেছে। ‘জিগরা’ প্রথম দিনে মাত্র ৪.৫৫ কোটি টাকা আয় করেছিল, যা ‘আলফা’ সহজেই পার করে গিয়েছে। প্রায় দু’বছর পর বড়পর্দায় আলিয়ার প্রত্যাবর্তন হিসেবে এই সংখ্যাটি ইতিবাচক।
কেমন হলো ছবির রিভিউ? হৃতিকের ক্যামিও ও শর্বরীর ডবল ধামাকা
শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে আলিয়া ও শর্বরী ছাড়াও খলনায়কের ভূমিকায় ববি দেওল এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অনিল কাপুর রয়েছেন। তবে ছবির আসল চমক হৃতিক রোশনের স্পেশাল ক্যামিও। ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজির ‘কবীর’ চরিত্রে হৃতিকের এন্ট্রি সিনেমা হলে দর্শকদের সবচেয়ে বেশি হাইপ দিয়েছে।
হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, ছবিটিকে খুব খারাপ বলা যাবে না, আবার ‘ওয়ার ২’-এর পর এটি স্পাই ইউনিভার্সকে নতুন কোনও দিশাও দেখাতে পারেনি। ছবির চিত্রনাট্য দুর্বল, পাশাপাশি একে আবেগহীন ফিল্ম বলা যায়, হৃতিকের উপস্থিতির কারণে কিছু মুহূর্ত জমিয়ে দিলেও নিজস্ব কোনো জোরালো ছন্দ খুঁজে পায়নি আলফা।মজার বিষয় হলো, অভিনেত্রী শর্বরীর জন্য এই রিলিজ বেশ গুরুত্বপূর্ণ। মাত্র এক মাস আগেই মুক্তি পাওয়া ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ এখনও সিনেমা হলে সফলভাবে চলছে, আর এরই মাঝে ‘আলফা’ মুক্তি পাওয়ায় বক্স অফিসে একসঙ্গে শর্বরীর দুটি ছবি রাজত্ব করছে।
